অনিয়ম এড়াতে ক্রমিক অনুসারে ফৌজদারি মামলার শুনানি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফৌজদারি মোশনগুলো (নতুন মামলা) প্রতি সপ্তাহের রোববারের মধ্যে দাখিল ও ক্রমিক অনুসারে শুনানির নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। গতকাল সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উচ্চ আদালতে প্রারম্ভিক ফৌজদারি মামলা (মোশন) শুনানিতে অনিয়ম এড়াতে এ নির্দেশ সহায়ক ভূমিকা রাখবে বলে আইনবিদেরা মনে করছেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ আদালতে বিচারাধীন মামলার সংখ্যা সাত লাখ ৪৩ হাজার ৪৭টি। গত বছরের ৩১ মে পর্যন্ত হাইকোর্টে প্রারম্ভিক ফৌজদারি মামলার সংখ্যা ছিল এক লাখ ৭৮ হাজার ২৯৮টি। মে মাসে দায়ের হয় তিন হাজার ১৯৬টি মামলা। মাস শেষে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৯৭১টি। সূত্র জানায়, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সলিসিটর উইংয়ের মনিটরিং সেল সারা দেশে ফৌজদারি মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করছে। গত ২১ ডিসেম্বর অনুষ্ঠিত সেলের বৈঠকে পাঁচ বছরের অধিক বিচারাধীন ফৌজদারি ও ফৌজদারি-সংশ্লিষ্ট মামলা বিলম্বের কারণ চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে। এরই অংশ হিসেবে আপাতত ঢাকা বিভাগের মুন্সিগঞ্জ জেলাকে মডেল বিবেচনা করে ১৮ জানুয়ারি সেলের সদস্যদের মুন্সিগঞ্জ সফরের কথা রয়েছে। যোগাযোগ করা হলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম প্রথম আলোকে বলেন, তালিকাভুক্ত হয়ে মামলা শুনানি হলে আদালতের কর্মচারীদের প্রভাবিত করার সুযোগ থাকবে না। ক্রমানুসারে মামলা শুনানি হবে। এতে সবাই সমান সুযোগ পাবেন বলেও তিনি মনে করেন।প্রজ্ঞাপনের বিষয়ে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মো. শওকত হোসেন প্রথম আলোকে জানান, প্রধান বিচারপতির নির্দেশে প্রজ্ঞাপন করা হয়েছে। এর চেয়ে বেশি কিছু বলতে তিনি রাজি হননি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এফ এম মেজবাহউদ্দিন বলেন, ‘যতটুকু জেনেছি, নতুন মামলা সপ্তাহের রোববার আদালতে দাখিল করার কথা বলা হয়েছে। কেননা, নতুন মামলা দাখিল করার সময় সংশ্লিষ্ট বেঞ্চ-কর্মকর্তাদের দুর্নীতি করার সুযোগ থাকে। তাই প্রধান বিচারপতির নেওয়া উদ্যোগ দুর্নীতি ও অনিয়ম রোধে সহায়ক হবে।’ এ ছাড়া এতে জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে কেউ সুবিধা পাবেন না বলেও মনে করেন তিনি। হলফনামার তারিখ ও ক্রমিক অনুসারে বিষয়গুলো কার্যতালিকায় অন্তর্ভুক্ত হয়ে সোমবার থেকে শুনানি হবে বলেও তিনি জানান। প্রজ্ঞাপনে যা রয়েছে: ফৌজদারি মোশনগুলো রোববারের মধ্যে আদালতে দাখিল করতে হবে। সেই মোশনগুলো অ্যাফিডেভিটের তারিখ ও ক্রমিক সংখ্যা অনুযায়ী শুনানি হবে। যেসব মোশন বিভিন্ন আদালতে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত অসমাপ্ত রয়েছে, তা রোববারের দৈনন্দিন কার্যতালিকায় অ্যাফিডেভিটের তারিখ ও নম্বর অনুযায়ী তালিকাভুক্ত হবে। এসব মোশন রোববার ও তত্পরবর্তী কার্যদিবসে ক্রমিক সংখ্যা অনুসারে শুনানি হবে। এই আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।