অনিয়ম ও ঘুষ গ্রহণের অভিযোগ তদন্তে কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুর উপজেলায় হতদরিদ্র ব্যক্তিদের জন্য সরকারের ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে ইউপি সদস্য ও ডিলারের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে।
গালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা ও ডিলার (পরিবেশক) রফিক শরীফের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।
কয়েকজন ভুক্তভোগী ব্যক্তি প্রথম আলোকে বলেন, মোস্তফা ও রফিক উপকারভোগী ব্যক্তিদের তালিকায় নাম অন্তর্ভুক্ত করার জন্য জনপ্রতি ১০০-২০০ টাকা উৎকোচ নেন। যাঁরা টাকা দিতে পারেননি, তাঁদের কার্ড দেওয়া হয়নি। এ ছাড়া চাল বিতরণের সময় কার্ডধারী ব্যক্তিদের ৩০ কেজির স্থলে ২৫ কেজি করে দেওয়া হয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গত সোমবার উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।
গালুয়া গ্রামের আবদুল হক, আবদুল জলিল ও হাবিবুর বলেন, ‘আমাদের প্রতিটি কার্ডের জন্য ইউপি সদস্যকে ১০০-২০০ টাকা দিতে হয়েছে। তারপরও আমাদের ৩০ কেজি চালের পরিবর্তে ২৫ কেজি চাল দিচ্ছেন ডিলার।’
নাম প্রকাশ না করার শর্তে আরও কয়েকজন ভুক্তভোগী ব্যক্তি বলেন, ‘আমাদের নামে গত সেপ্টেম্বরে চাল বরাদ্দ করা হলেও আমরা তা পাইনি। অথচ আমাদের কার্ডে লিখে দেওয়া হয়েছে দুই মাসের চাল আমরা নিয়েছি।’
এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোস্তফা বলেন, ‘আমি নিয়মবহির্ভূত কোনো কাজ করিনি। প্রতিপক্ষের লোকজন আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।’
ইউপি চেয়ারম্যান মুজিবুল হক বলেন, ‘আমি মৌখিকভাবে এ অভিযোগ পেয়েছি। যে ডিলার ও সদস্যের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ভারপ্রাপ্ত ইউএনও শাহ মো. রফিকুল ইসলাম বলেন, কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।