অনিয়ম ও নামের রাজনীতির শিকার ফজিলাতুন্নেসা মুজিব একাডেমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ নারীদের প্রশিক্ষণের প্রতিষ্ঠান শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি জোট সরকারের আমলে বন্ধ হয়ে যাওয়ার পর আবার চালু হলেও গতি ফিরে পাচ্ছে না। দীর্ঘদিন বন্ধ থাকায় রাজধানীর অদূরে গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠানটির অধিকাংশ অবকাঠামো ও সরঞ্জাম নষ্ট হয়ে গেছে। গত এক বছরে সেগুলো মেরামত করে প্রকল্পটিকে আগের মতো স্বাবলম্বী করা সম্ভব হয়নি। এ ক্ষেত্রে সরকারি উদ্যোগও আশাব্যঞ্জক নয় বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।১৯৯৮ সালে গাজীপুর সদর উপজেলার জিরানী গ্রামে ৩৩ বিঘা জমিতে মহিলা প্রশিক্ষণ একাডেমি প্রকল্পটি চালু করা হয়। এর নামকরণ হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের নামে। গ্রামীণ নারীদের কৃষিসহ বিভিন্ন আত্মকর্মসংস্থানমূলক বৃত্তির ওপর হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্য প্রতিষ্ঠিত শিক্ষায়তনটি একপর্যায়ে নিজের আয়েই কার্যক্রম চালানোর সামর্থ্য অর্জন করে। বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর প্রকল্পের নাম বদল করে রাখা হয় ‘বিবি আয়েশা (রা.) প্রশিক্ষণ একাডেমী’। ২০০৬ সালে বার্ড ফ্লু মহামারির সময় পোলট্রি খামারের মুরগি আক্রান্ত হলে পুরো প্রকল্পটি স্থগিত করা হয়।বর্তমান সরকার গত বছরের ফেব্রুয়ারি মাসে আগের নাম বহাল করে প্রকল্পটি আবার চালু করে। এবার প্রকল্পটির নামের শুরুতে ‘শহীদ’ শব্দ জুড়ে দিয়ে করা হয়েছে ‘শহীদ শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমী’। এবার এর কার্যক্রমকে প্রশিক্ষণ একাডেমি ও কৃষি কর্মসূচি—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। তবে আবার চালু হলেও এখন পর্যন্ত প্রকল্পটি আশানুরূপভাবে ঘুরে দাঁড়াতে পারেনি। নাম প্রকাশে অনিচ্ছুক একাডেমির কয়েকজন কর্মকর্তা বলেছেন, শুধু নামের কারণে সরকার পরিবর্তনের পর একটি সচল ও স্বাবলম্বী প্রকল্প যে বন্ধ হয়ে যেতে পারে, এটি তার বড় উদাহরণ। ১৯৯৮ সালে প্রকল্পটির পরিচালকের দায়িত্ব পালনকারী মহিলা বিষয়ক অধিদপ্তরের বর্তমান পরিচালক নিজাম উদ্দীন আল-হোসাইনী প্রথম আলোকে জানান, প্রকল্পটি শুরু করার পর সেটি এমন একটি পর্যায়ে চলে গিয়েছিল যে সরকারকে প্রকল্প চালানোর জন্য অর্থ দিতে হতো না। প্রকল্পের আয় থেকেই সরকারের কোষাগারে বছরে এক কোটি টাকার বেশি জমা করা হতো। কিন্তু জমানো সে তহবিল বিভিন্নভাবে নষ্ট করা হয়েছে।অবহেলায় ক্ষতি: সম্প্রতি একাডেমি সফর করে দেখা যায়, এখানে ৩০ হাজার মুরগি একসঙ্গে পালনের জন্য আছে বিশাল শেড। আছে সপ্তাহে ৩৭ হাজার বাচ্চা ফোটানোর উপযোগী হ্যাচারি। প্রশিক্ষণার্থীদের মাছ চাষের বাস্তব জ্ঞান দিতে তিন বিঘা জমিতে করা হয়েছে তিনটি পুকুর। ফসল উৎপাদন, নার্সারি ও গবাদিপশু পালনের জন্যও আছে বিশাল জায়গা। কিন্তু অনেক দিন বন্ধ থাকায় প্রায় সব অবকাঠামো ও সরঞ্জাম নষ্ট হওয়ার পথে। মুরগির খামারের হ্যাচারি বন্ধ হয়ে পড়ে আছে। পোলট্রি শেডগুলোরও বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। অকেজো হয়ে গেছে ২৮টি কম্পিউটার।প্রকল্পটির যাত্রা নতুনভাবে শুরু করার অংশ হিসেবে গত ডিসেম্বরে দুই হাজার মুরগি কেনা হয়েছে। জরুরিভিত্তিতে কেনা হয়েছে পাঁচটি কম্পিউটার। নতুন করে মাশরুমের চাষসহ আরও কয়েকটি বিষয়ে প্রশিক্ষণ চালু করার চেষ্টা চলছে। গ্রামীণ কর্মসূচির আয়ন-ব্যয়ন কর্মকর্তা ও একাডেমির হিসাবরক্ষণ কর্মকর্তা আফজাল হোসেন বলেন, বর্তমানে একাডেমি ভবনে প্রশিক্ষণের তাত্ত্বিক ক্লাস আর কৃষি খামারে ব্যবহারিক ক্লাস হচ্ছে।প্রশিক্ষণার্থীদের আক্ষেপ: গত বছরের দুটি ব্যাচের প্রশিক্ষণার্থীরা তেমন কিছু শিখতে পারেননি। এ জন্য তাঁরা উপকরণগত সীমাবদ্ধতা ছাড়াও অব্যবস্থাপনার অভিযোগ করেছেন। নাম প্রকাশ করতে না চাওয়া একাধিক প্রশিক্ষণার্থী প্রথম আলোকে বলেন, কম্পিউটার শেখার জন্য ভর্তি হলেও কম্পিউটার নষ্ট থাকায় তা শেখা হয়নি। ওই শিক্ষার্থীরা জানান, সৌন্দর্যচর্চা প্রশিক্ষণের কোর্স এখনো চালু হয়নি। এই রকম প্রেক্ষাপটে ১৩ জানুয়ারি মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী নতুন আরেকটি ব্যাচের উদ্বোধন করেন। প্রশিক্ষণ একাডেমির বর্তমান আয়ন-ব্যয়ন কর্মকর্তা ইউরিদা সায়ীদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, গুছিয়ে উঠতে সময় লাগছে।যেসব প্রশিক্ষণ হয়: কর্মকর্তারা জানিয়েছেন, প্রকল্পের আওতায় হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালন, হর্টিকালচার, মৎস্য চাষ, আধুনিক পোশাক তৈরি, ব্লক, বাটিক, কম্পিউটার, সৌন্দর্যচর্চা, মাশরুম চাষ ও খাদ্য প্রক্রিয়াজাতকরণসহ বিভিন্ন বিষয়ে নারীরা প্রশিক্ষণের সুযোগ পাবেন। প্রশিক্ষণার্থীদের জন্য বিনা খরচে থাকা-খাওয়া ছাড়াও মাসিক ৩০০ টাকা ভাতার ব্যবস্থা রয়েছে। প্রশিক্ষণের মেয়াদ ছয় মাস। আসন আছে ১০০টি। এতে ভর্তি হওয়ার যোগ্যতা এসএসসি পাস। তবে ক্ষেত্র বিশেষে তা শিথিল করা হয়ে থাকে। আবার বেশি যোগ্যতাসম্পন্ন অনেকেও আগ্রহী হয়ে শিখতে যান।পিছু ছাড়েনি অনিয়ম: প্রকল্প আবার চালু হলেও অনিয়ম ও অব্যবস্থাপনা পিছু ছাড়েনি। সাধারণ কর্মচারীরা প্রশিক্ষণ একাডেমি ও কৃষি কর্মসূচির আয়ন-ব্যয়ন কর্মকর্তা সুলতানা রাজিয়া ও উচ্চমান সহকারী কদম আলীর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও অন্য অনিয়ম-দুর্নীতির অভিযোগ আনেন। গত বছরের ২৮ জুন প্রকাশিত তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, মুরগি পালন ও বাচ্চা উৎপাদন বন্ধ থাকার পরও ১৪ লাখ ৯৯ হাজার ৯৫৫ টাকা দিয়ে একটি নতুন পোলট্রি শেড তৈরি করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ-সংযোগ থাকার পরও ২৩ লাখ ৮২ হাজার ২২৮ টাকা ব্যয় করে নতুন সাবস্টেশন বসানো হয়েছে। শেষ ব্যাচের প্রশিক্ষণার্থীদের ৮০ হাজার টাকা ব্যয়ে অতিথি-বক্তা দিয়ে ১৬০টি ক্লাস করানোর কথা ছিল। কিন্তু আয়ন-ব্যয়ন কর্মকর্তা ১০১টি ক্লাসই বাতিল করে এ জন্য বরাদ্দ করা অর্থ আত্মসাৎ করেন। এতে শিক্ষার্থীদের প্রশিক্ষণও ক্ষতিগ্রস্ত হয়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত নভেম্বরে সুলতানা রাজিয়া ও কদম আলীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।তবে দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশি.) সুলতানা রাজিয়া প্রথম আলোর প্রশ্নের জবাবে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘উদ্যোগগুলো ছিল চলমান প্রক্রিয়ার অংশ। আমার ওপরে আরও কর্মকর্তা ছিলেন। তাঁদের অনুমোদন ছাড়া তো কিছু হয়নি।’ প্রশিক্ষণ একাডেমির বর্তমান আয়ন-ব্যয়ন কর্মকর্তা ইউরিদা সায়ীদ প্রথম আলোকে বলেছেন, সচল করা গেলে প্রকল্পটি আবারও স্বাবলম্বী হতে পারবে বলে তাঁরা আশা করছেন।