কুষ্টিয়ার গড়াই নদের তীর রক্ষা বাঁধে ধসের ঘটনায় গতকাল সোমবার জেলা উন্নয়ন সমন্বয় সভায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সভা থেকে জেলা প্রশাসন বাঁধ নির্মাণের যাবতীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দেয়। নমুনা সংগ্রহের জন্য একটি কমিটিও গঠন করা হয়।
কাজ শেষ হওয়ার দেড় মাসের মধ্যেই গত শনি ও রোববার বাঁধের প্রায় ১০০ মিটার অংশ ধসে গেছে। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোতে ‘দেড় মাসেই বাঁধ পানিতে!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদার নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় বাঁধ ভেঙে যাচ্ছে।
কুষ্টিয়া জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে গতকাল সকালে মাসিক জেলা উন্নয়ন সমন্বয় সভা হয়। সেখানে জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বাঁধ ধসের বিষয়ে সংশ্লিষ্ট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী কর্মকর্তা নৈমুল হকের কাছে বিস্তারিত জানতে চান।
জেলা প্রশাসক প্রথম আলোতে প্রকাশিত সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক নাজির আহমেদের দেওয়া বক্তব্য (দেড় মাস কেন, দুই দিনেই ভেঙে যেতে পারে, আবার দুই বছরও টিকতে পারে) তুলে ধরে নৈমুল হকের কাছে জানতে চান, তাহলে কি বাঁধ করা হবে, আর ভাঙতে থাকবে?
পরে বাঁধের কাজে অনিয়ম হয়েছে কি না, তা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহের জন্য নৈমুল হককে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি করে দেন জেলা প্রশাসক। নমুনা হিসেবে বস্তা, বালু সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম ওই সভায় বলেন, ‘এটা হরিপুর (বাঁধের পাশের গ্রাম) ধ্বংসকারী বাঁধ। কোটি
কোটি টাকা লোপাট হচ্ছে। এর প্রতিবাদ করতে হবে। ধসের কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’