অনিয়ম ঢাকা দিতে এবার তিন এমডির জিও বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-কুয়াকাটা ট্রান্সমিশন লিংক স্থাপনে যন্ত্রপাতি ক্রয়ে অনিয়ম ঢাকা দিতে এবার তিন এমডির বিদেশ ভ্রমণসংক্রান্ত সরকারি আদেশও (জিও) পাল্টে ফেলা হয়েছে। এটা করেছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় সূত্র জানায়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব এবং মন্ত্রণালয়ের অধীন তিনটি কোম্পানি বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিসিসিসিএল), বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ টেলিফোন শিল্প সংস্থার (টেশিস) তিন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গত ৪ নভেম্বর ভারতে যান ওই দেশের একটি বেসরকারি কোম্পানি তেজাস নেটওয়ার্কসের কারখানা পরিদর্শনের জন্য।
নিয়মানুযায়ী, এই চার সরকারি কর্মকর্তার মধ্যে বিদেশ ভ্রমণসংক্রান্ত জিও জারি হয়। সচিবের জিও প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এবং তিন এমডির জিও জারি করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এর মধ্যে ভ্রমণ শেষ করার নয় দিন পর সরকারি তিন কোম্পানির এমডির জিও পাল্টে ফেলা হয়।
১ নভেম্বর তিন এমডির নামে জারি করা জিওতে বলা হয়, তাঁদের ভ্রমণের সব খরচ ভারতীয় কোম্পানি তেজাস বহন করবে। ৪ ও ৫ নভেম্বর তাঁরা ভারত ভ্রমণ করেন। সঙ্গে ছিলেন মন্ত্রণালয়ের সচিব। নথিপত্র অনুযায়ী, সচিবের যাবতীয় খরচ ওই কোম্পানি বহন করে। এরপর ১৫ নভেম্বর তিন এমডির নামে নতুন জিও জারি করে বলা হয়, এই কর্মকর্তাদের ভারত ভ্রমণের খরচ তাঁদের নিজ নিজ প্রতিষ্ঠান বহন করবে।
মন্ত্রণালয় সূত্র জানায়, নিয়ম হলো ভ্রমণের আগেই জিও জারি করতে হয়, কোনো ভুল হলে সেটা মন্ত্রণালয় প্রধানের অনুমোদন সাপেক্ষে সংশোধন করা যায়। তাতে এটা যে আগের জিওর ‘প্রতিস্থাপিত’ সেটা উল্লেখ করতে হয়। সাধারণত ভ্রমণের আগেই সংশোধন করা হয়, কারণ এই জিও ভ্রমণে আনুষ্ঠানিকতার দরকার হয়।
আগে-পরের উভয় জিওতে সই করেছেন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. আমিনুল হক। ভ্রমণ শেষে ফিরে আসার নয় দিন পর কেন আবার জিও জারি করতে হলো জানতে চাইলে আমিনুল হক প্রথম আলোকে বলেন, প্রথম জিওটি কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে করা হয়েছে। পরেরটিও অনুমোদন সাপেক্ষে করা হয়েছে। তিনি বলেন, হয়তো কোনো কারণে কর্তৃপক্ষ আগের সিদ্ধান্ত বদল করেছে। এখন আগের জিও বাতিল বলে গণ্য হবে।
কিন্তু ওই কর্মকর্তারা তেজাসের খরচে ভ্রমণ করে চলে এসেছেন—এ কথা জানালে ওই জ্যেষ্ঠ সহকারী সচিব বলেন, এমনটা হলে ভারতীয় কোম্পানির টাকা ফেরত দেবেন কর্মকর্তারা।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রথম জিও জারির ১৫ দিন পর পাল্টিয়ে দ্বিতীয় যে জিও জারি হয়েছে, তা যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে হয়নি।
এরই মধ্যে একজন এমডি দ্বিতীয় জিওর ওপর ভিত্তি করে ভারত সফরের খরচ বাবদ ১ লাখ ৭২ হাজার ৪১০ টাকা বিল উত্তোলনও করেছেন। বিলে প্রতিদিন ২০০ মার্কিন ডলার দৈনিক ভাতা, প্রতিদিন ৩০০ ডলার করে হোটেল ভাড়া ও দৈনিক ১০০ ডলার করে যাতায়াত খরচ দেখিয়েছেন।
উভয় জিওর অনুলিপি দেখানো হলে তা পর্যালোচনা করে সরকারের এক জ্যেষ্ঠ যুগ্ম সচিব প্রথম আলোকে বলেন, স্পষ্ট প্রতীয়মান হচ্ছে যে এ ক্ষেত্রে কোনো একটি দুরভিসন্ধি আছে। এতে আর্থিক অনাচারও হয়েছে।
ঢাকা-কুয়াকাটা ট্রান্সমিশন লিংক স্থাপনে যন্ত্রপাতি ক্রয়ে এর আগেও বড় ধরনের অনিয়ম করা হয়। এ-সংক্রান্ত আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিটিসিএল কর্তৃপক্ষ ভারতের তেজাস থেকে এসব যন্ত্রপাতি দরপত্র ছাড়া কেনার সিদ্ধান্ত নেয়। কৌশল হিসেবে সরকারি মালিকানাধীন কোম্পানি টেলিফোন শিল্প সংস্থাকে (টেশিস) ব্যবহার করা হয়। মাত্র চার কার্যদিবসে কেনাকাটার যাবতীয় কাজ শেষ করেছে বিটিসিএল। কিন্তু এরই মধ্যে খবর বের হয় যে টেশিস বা তেজাস কেউ এ ধরনের যন্ত্রপাতি তৈরি করে না। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব ফয়জুর রহমান চৌধুরী বলেন, ‘তেজাস-তুজাস চিনি না। টেশিস যেখান থেকে খুশি আইন্যা ওরা সংযোজন করবে।’ প্রসঙ্গত, বিটিসিএল, টেশিস ও বিএসসিসিএল—তিনটি কোম্পানির চেয়ারম্যান হলেন মন্ত্রণালয়ের সচিব।
এ বিষয়ে ‘আঁশে আঁশে অনিয়ম’ শিরোনামে ৬ ডিসেম্বর প্রথম আলোতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর হাইকোর্টে রিট আবেদন হয়। ১২ ডিসেম্বর হাইকোর্ট বিটিসিএলের সরাসরি ক্রয় চুক্তি বাতিল ঘোষণা করেন। আদেশের বিরুদ্ধে বিটিসিএলের আপিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় আছে।