অনিয়ম তদন্তে কর্তৃপক্ষকে আহ্বান জানান মুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন সিটি করপোরেশন নির্বাচন নিয়ে ওঠা অভিযোগগুলো তদন্তের জন্য উপযুক্ত কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। একই সঙ্গে অভিযোগগুলো নিয়ে উদ্বেগ জানানোর জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ব্যবহারের জন্য বিরোধীদের প্রতি আহ্বান জানান তিনি। সংশ্লিষ্ট সবাইকে শান্তিপূর্ণভাবে মতপ্রকাশেরও আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বান কি মুনের গত শুক্রবারের ফোনালাপ বিষয়ে এক প্রশ্নের জবাবে মুনের উপমুখপাত্র ফারহান হক এ কথা জানান। গত শুক্রবার নিউইয়র্কে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ফারহান হককে ওই ফোনালাপ বিষয়ে প্রশ্ন করা হয়। প্রশ্নকর্তা জিজ্ঞেস করেন, মহাসচিব বান কি মুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে সিটি করপোরেশন নির্বাচনের অনিয়মের অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে। আপনি কি বিশ্বাস করেন, সরকার নিরপেক্ষভাবে তদন্ত করতে সক্ষম হবে? যেখানে সরকার নিজেই এই অনিয়মের সঙ্গে জড়িত।
এর জবাবে উপমুখপাত্র ফারহান হক উল্লিখিত জবাব দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বান কি মুনের টেলিফোন করার বিষয়টি নিশ্চিত করেন। নিজের জবাবের বিষয়টি উল্লেখ করে ফারহান বলেন, ওই ফোন সম্পর্কে এর বেশি কোনো তথ্য তাঁদের কাছে নেই।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরীর দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার বেলা একটা ৪৮ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন বান কি মুন। তাঁদের মধ্যে সদ্য সমাপ্ত সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে প্রায় ১৪ মিনিট আলাপ হয়। বান কি মুন প্রধানমন্ত্রীকে বলেন, সিটি করপোরেশন নির্বাচনে কিছু অনিয়ম হয়েছে বলে তাঁকে জানানো হয়েছে।
জাতিসংঘ মহাসচিবের এমন কথায় প্রধানমন্ত্রী জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। বাংলাদেশের ইতিহাসে প্রাণহানি ছাড়া এই প্রথম কোনো নির্বাচন অনুষ্ঠিত হলো। নির্বাচনে জিতবে না বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি ভোট বর্জন করেছে।
শামীম চৌধুরী জানান, প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে বলেছেন, তিন ঘণ্টা পর বিএনপি নির্বাচন বর্জন করেও যে ভোট দলটির সমর্থিত প্রার্থীরা পেয়েছেন, তাতে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিএনপির আন্দোলনের ডাকে জনগণ আসেনি, নেতা-কর্মীরাও আন্দোলনে থাকেনি। একইভাবে নির্বাচনে অংশ নিয়েও নেতা-কর্মীদের মাঠে নামাতে পারেনি বিএনপি। নেতা-কর্মীদের পোলিং এজেন্ট বানিয়ে নির্বাচন কেন্দ্রেও পাঠাতে পারেনি তারা। কারণ, তারা জনগণকে হত্যা করে আন্দোলন করেছে।