২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালের নানা অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল রোববার দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় হাসপাতালের এমআরআই মেশিন ক্রয়, সরকারি কোষাগারে হাসপাতালের আয়ের টাকা জমা না দেওয়া–সংক্রান্ত নানা অনিয়মের অভিযোগ উঠে আসে।
এসব অভিযোগ তদন্তে গঠিত তিন সদস্যবিশিষ্ট কমিটির প্রধান করা হয় জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনকে। দুজন সদস্য হচ্ছেন জেলা সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রামের যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী। কমিটি এক মাসের মধ্যে প্রতিবেদন দেবে।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে দুপুরে অনুষ্ঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতিত্ব করেন সাংসদ জিয়াউদ্দিন আহমেদ। সভায় সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন ও জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।
জানতে চাইলে সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী বলেন, ‘কিছু অনিয়মের বিষয় উঠে এসেছে সভায়। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। আমিও কমিটির সদস্য। আমাদের এক মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।’
সভায় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আনজুমান আরা বেগম, জহরলাল হাজারি, বিএমএ সভাপতি মুজিবুল হক খান, জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম, চট্টগ্রাম প্রেসক্লাব সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ প্রমুখ।