অনিয়ম-দুর্নীতি ঢাকতে দফায় দফায় অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ সংযোগ নেই। অথচ গত ১৭ বছর ধরে নাটোরের লালপুর উপজেলার এম আর উচ্চবিদ্যালয়ে কম্পিউটার বিভাগ চালু রয়েছে। বিদ্যালয়ের নামে বিদ্যুৎ বিলও পরিশোধ করা হচ্ছে। প্রধান শিক্ষক নিজ স্ত্রীকে ওই বিষয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। এসব ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকেরা আন্দোলন শুরু করায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন। এতে বিদ্যালয়টিতে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ নেই। বিষয়টি গোপন রেখে বিদ্যালয়ে কম্পিউটার ট্রেড চালু করে বিদ্যালয়ের নামে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করে আসছেন প্রধান শিক্ষক। কম্পিউটার বিষয়ে নিজ স্ত্রী বুলবুলে ফেরদাউসকে ২০০০ সালে শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে তাঁকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির অভিভাবক (মহিলা) সদস্য করা হয়েছে। অথচ তাঁর কোনো সন্তান বিদ্যালয়ে পড়ালেখা করে না। বুলবুলে ফেরদাউস বলেন, ‘যোগ্যতার ভিত্তিতেই আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিদ্যালয়ে বিদ্যুৎ না থাকলেও পাশের একটি বাড়িতে কম্পিউটার বিষয়ে শিক্ষা দিয়ে থাকি। অভিভাবক সদস্য হওয়ার বিষয়টি ব্যবস্থাপনা কমিটির ব্যাপার।’একইভাবে বিদ্যুৎ সংযোগ ছাড়াই আরও দুটি কারিগরি ট্রেড চালু ও শিক্ষক নিয়োগ দিয়েছেন প্রধান শিক্ষক। অথচ এসব বিষয়ে কোনো শিক্ষার্থী নেই। বিধি মোতাবেক শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটিতে সভাপতি পদে কোনো শিক্ষক বা শিক্ষক শ্রেণীর কাউকে নিয়োগ করার সুযোগ নেই। অথচ প্রধান শিক্ষক তাঁর আত্মীয় রাজশাহীর বাঘা উপজেলার শরেরহাট আবদুল গণি কলেজের প্রদর্শক (জীববিজ্ঞান) মো. আক্কাস আলীকে সভাপতি করেছেন। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় তিন শিক্ষককে নোটিশ দেওয়া হয়েছে। নোটিশে বলা হয়েছে, গত ১ জানুয়ারি থেকে তাঁরা চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। অথচ নভেম্বর মাস এখনো আসেইনি। যোগাযোগ করা হলে সভাপতি আক্কাস আলী বলেন, তারিখটা লিখতে ভুল হয়েছে। গোপনে কমিটি করার ব্যাপারে তিনি বলেন, তিনি ছিলেন না। কমিটির সদস্যরা তাঁকে সভাপতি নির্বাচিত করেছেন।বিদ্যালয়ের জমিদাতা ও প্রতিষ্ঠাতা সভাপতি তোজাম্মেল হক মোল্লা বলেন, প্রধান শিক্ষক ধোঁকা দিয়ে তাঁদের অনুমতি নিয়ে তাঁর স্ত্রীকে নিয়োগ দেখান। তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষক তাঁর সব অনিয়ম জায়েজ করার জন্য ২০০৫ সালের নির্বাচিত কমিটি অনুমোদন না করে নিজের আত্মীয়স্বজনকে নিয়ে অস্থায়ী কমিটি করে বিদ্যালয় পরিচালনা করছেন। তাঁর মামাতো ভাই আক্কাস আলীকে এই কমিটির সভাপতি করায় ওই কমিটির তিনজন সদস্য ইতিমধ্যেই পদত্যাগ করেছেন। রামকৃষ্ণপুর গ্রামের নূরুজ্জমান মণ্ডল অভিযোগ করেন, প্রধান শিক্ষক তাঁকে গ্রন্থাগারিক হিসেবে নিয়োগ দেওয়ার জন্য তিন লাখ টাকা নিয়েছেন। এ ব্যাপারে তিনি আদালতে তাঁর বিরুদ্ধে মামলাও করেছেন। জালাল উদ্দিন নামের আরেক ব্যক্তি বলেন, তাঁকে ল্যাব অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ দেওয়ার নাম করে দেড় লাখ টাকা নিয়েছেন। তিনিও প্রধান শিক্ষকের নামে মামলা করেছেন। এসব অনিয়মের বিরুদ্ধে শিক্ষক, কর্মচারী ও অভিভাবকেরা আন্দোলনে নেমেছেন। এই অবস্থায় প্রধান শিক্ষক বিদ্যালয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছেন। ফলে শিক্ষা কার্যক্রম প্রায় বন্ধ হয়ে গেছে। লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল ইসলাম জানান, প্রধান শিক্ষক নীতিগতভাবে তাঁর দায়িত্ব পালন করতে পারেন না। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর অভিযোগ পাঠানো হয়েছে।প্রধান শিক্ষক তোহিদুল ইসলাম বলেন, সহিংসতা এড়ানোর জন্য তিনি বিদ্যালয়ে যাচ্ছেন না। বিদ্যুৎ ছাড়াই কমিম্পউটার শিক্ষক নিয়োগ দেওয়ার ব্যাপারে তিনি বলেন, বিদ্যুৎ আছে—এমন একটি বাড়ি ভাড়া নিয়ে কিছুদিন চালিয়েছেন। নিরাপত্তার জন্য কম্পিউটার তাঁর বাড়িতে রাখা হয়েছে। বিদ্যালয়ের অচলাবস্থার ব্যাপারে তিনি প্রতিষ্ঠাতা সভাপতিকেই দায়ী করেন।