অনিয়ম-দুর্নীতির অভিযোগে ইউএনওর অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম-দুর্নীতির অভিযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) অপসারণ দাবিতে গতকাল বৃহস্পতিবার উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতারা সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছেন। তবে ইউএনও তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেন।

‘মহাদেবপুর সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে নওগাঁ-নজিপুর আঞ্চলিক মহাসড়কে গতকাল দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা সদরের মাছ চত্বর মোড়ে অবরোধের সময় বিক্ষোভ সমাবেশ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সহসভাপতি কুদরত-ই-খুদা। বক্তব্য দেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক অনুকূল চন্দ্র সাহা, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক কাওসার আলী, যুবলীগের নেতা আরিফুল ইসলাম, ছাত্রলীগের সাবেক নেতা রাজু আহমেদ প্রমুখ। পরে স্থানীয় সাংসদ ছলিম উদ্দিন তরফদার জেলা প্রশাসকের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের আশ্বাস দিলে আন্দোলন কর্মসূচি স্থগিত করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, ইউএনও জেবুন নাহার উপজেলার দায়িত্বভার নেওয়ার পর থেকেই প্রতিটি কাজের ফাইল পাস করতে গেলে ৫ শতাংশ কমিশন চান ও বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করছেন। কমিশন ছাড়া কোনো ঠিকাদার কাজ পান না। প্রতিবাদ করলেও তিনি কোনো কিছুর তোয়াক্কা না করে স্বেচ্ছাচার আচরণ করছেন। এ ছাড়া তিনি প্রায়ই নির্দিষ্ট সময়ে অফিস করেন না। এই ইউএনওকে অপসারণ না করা পর্যন্ত অবরোধ, বিক্ষোভ, মানববন্ধনসহ ধারাবাহিক আন্দোলন চলবে।

কুদরত-ই-খুদা বলেন, কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে সবকিছু তাঁর ইচ্ছেমতো করছেন। এই ইউএনওকে অপসারণ করা না হলে লাগাতার অবরোধসহ আরও কঠিন আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।

ইউএনও জেবুন নাহার বলেন, ‘যাঁদের ইন্ধনে এই কর্মসূচি পালন করা হচ্ছে, তাঁদের বেশির ভাগই ইঞ্জিনিয়ারিং অফিসের নিয়মিত ঠিকাদার বলে জানতে পেরেছি। ২০১৬-১৭ অর্থবছরের এডিপি রাজস্ব খাত থেকে যেসব প্রকল্প ছিল, সেগুলোর টেন্ডার পেয়েছে গুটিকয়েক ঠিকাদারি প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের আওতায় কোটি কোটি টাকার কাজ করা হলেও ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। সরেজমিনে কাজগুলো দেখার পর কাজের মান সন্তোষজনক না হওয়ায় পুনরায় কাজ করতে বলা হয় এবং বিলগুলো বন্ধ করে দেওয়া হয়। তাঁদের চাপের মুখে বিল পাস না করে দেওয়ায় তাঁরা আমার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন।’