অনিয়ম, দুর্নীতির অভিযোগে ইউএনওর বিরুদ্ধে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ গুল নিঝুমের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ এনে তাঁকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
এ দাবিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন আলী আকবরের নেতৃত্বে গত রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
মিছিলটি কটিয়াদী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে এলাকার বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে ফিরে সমাবেশ করে। সমাবেশে উপজেলা চেয়ারম্যান বলেন, দুর্নীতিবাজ ইউএনওর মদদে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। তাঁরা বিভিন্ন প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ করছেন। শুধু তা-ই না, তাঁদের কৃতকর্মের দায় তাঁর (উপজেলা চেয়ারম্যান) ওপর চাপাতে সম্প্রতি সংবাদ সম্মেলন করে মিথ্যা তথ্য পরিবেশন করা হয়।
ইউএনও ফারাহ গুল তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ‘কেউ যা খুশি তাই অভিযোগ করলেই তা সঠিক হয়ে যায় না।’
উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে কর্মসূচি চলাকালে ইউএনওর কার্যালয়ে পুলিশ মোতায়েন করা হয়।