অনিয়ম-দুর্নীতির দায়ে উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে চৌহালী উপজেলার চেয়ারম্যান মাহফুজা খাতুনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ২৫ জুন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এম কাজী এমদাদুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে। চেয়ারম্যান দায়িত্ব বুঝে না দিয়ে কাগজপত্র তাঁর নিয়ন্ত্রণে আটকে রাখায় উপজেলা পরিষদ অচল হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলা পরিষদ সূত্রে জানা গেছে, চেয়ারম্যান উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল সংস্কার এবং আইপিএস কেনার নামে নিজেই প্রকল্প কমিটির সভাপতি হন। তিনি আট টন টিআর প্রকল্পের গম কাজ না করেই আত্মসাৎ করেন। বিএনপির রোডমার্চে সরকারি গাড়ি ব্যবহার, ব্যক্তিগত ভ্রমণে সরকারি জ্বালানি ব্যবহার, সহকর্মীদের সঙ্গে অসদাচরণসহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। এসব অভিযোগে উপজেলা পরিষদের সদস্যসহ ইউপি চেয়ারম্যানরা ১৭ এপ্রিল তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে রাজশাহী বিভাগীয় কমিশনার বরাবর পাঠান। এর পরিপ্রেক্ষিতে বিভাগীয় ও জেলা পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন সময়ে অভিযোগগুলো তদন্ত করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় মন্ত্রণালয় থেকে ২৫ জুন চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে মন্ত্রণালয় থেকে প্যানেল চেয়্যারম্যান-১ নাসরিন আক্তারকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়ে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরেরও আদেশ দেওয়া হয়। নাসরিন আক্তার বলেন, ‘বিধি মোতাবেক আমি দায়িত্ব পেয়েছি। গুরুত্বপূর্ণ ফাইলপত্রগুলো আটকে রাখায় পরিষদের স্বাভাবিক কাজকর্মের ব্যাঘত ঘটছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা অতিন কুমার কুণ্ডু বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয় মাহফুজ খাতুনকে সাময়িক বরখাস্ত করে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা হস্তান্তরের আদেশ দিয়েছে। কিন্তু দায়িত্ব বুঝে না দিলেও বিধি অনুযায়ী তা আপনাআপনি কার্যকর হবে। তবে, পরিষদের গুরুত্বপূর্ণ ফাইলপত্র তাঁর কাছে আছে কি না, সেটি আমার জানা নেই। মাহফুজা খাতুন মুঠোফোনে জানান, আমি সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার। পরিষদের কোনো ফাইলপত্র বা গাড়ি আমার কাছে নেই। একটি চক্র রাজনৈতিক উদ্দেশ্যে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠায় তদন্ত কমিটি করা হয়। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বরখাস্তের আদেশ দেওয়া হয়েছে।