অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে মাদ্রাসায় ভাঙচুর, মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম, দুর্নীতি ও কর্তব্যে অবহেলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার বদরগঞ্জ বাকি বিল্লাহ কামিল মাদ্রাসার ছাত্ররা অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর ও মিছিল করেছে। একই সঙ্গে তারা ছাত্রাবাসের খাবারের মানোন্নয়ন এবং শিক্ষকদের কর্তব্যে অবহেলা ও ছাত্রাবাসে বহিরাগতদের প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। গতকাল সকাল ১০টায় মাদ্রাসার চত্বরে ছাত্ররা সমবেত হতে থাকে। একপর্যায়ে তারা অধ্যক্ষের কার্যালয় ভাঙচুর করে অধ্যক্ষসহ পরিচালনা পর্ষদের সদস্যদের সেখানে অবরুদ্ধ করে রাখে। এক ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পরিচালনা পর্ষদের পক্ষে আবদুল ওহাব ছাত্রদের উত্থাপিত দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণা দিলে ছাত্ররা আন্দোলন স্থগিত ঘোষণা করে।ছাত্ররা অভিযোগ করে, ২০১২ সালে প্রতি মাসে জনপ্রতি খাওয়ার খরচ এক হাজার ২০০ টাকা নেওয়া হতো। এ বছর ওই খরচ বাড়িয়ে এক হাজার ৫৭০ টাকা করা হয়েছে। গত বছরও সপ্তাহে পাঁচ দিন দুই বেলা মাছ, এক দিন মাংস ও এক দিন ডিম দেওয়া হতো। ১ জানুয়ারি থেকে সপ্তাহে দুই দিন মাছ ও দুই দিন মাংস এবং তিন দিন নিরামিষ দেওয়া হচ্ছে।তবে অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ আবদুল জলিল হাওলাদার দাবি করেন, কয়েকজন ছাত্র কারণে-অকারণে সাধারণ ছাত্রদের ভুল বুঝিয়ে আন্দোলনের নামে মাদ্রাসায় অরাজকতা চালাচ্ছে।