গবেষণায় দেখা গেছে, ভিজিডি (দুস্থ মহিলা উন্নয়ন) কর্মসূচিতে অনিয়ম-দুর্নীতি হচ্ছে। কর্মসূচির আওতায় সহায়তা পাচ্ছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের আত্মীয়স্বজন। উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে বয়সসীমা ও ভূমি মালিকানার মানদণ্ড মানা হচ্ছে না। তালিকায় নাম ওঠাতে ঘুষ দিতে হয়। ‘সামাজিক নিরাপত্তা বেষ্টনী এবং প্রান্তিক জনগোষ্ঠী: দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) কর্মসূচি’ শীর্ষক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গতকাল বুধবার রাজধানীর একটি হোটেলে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় গবেষণা প্রতিষ্ঠান সমুন্নয় এ গবেষণা পরিচালনা করে। গবেষণায় বরগুনা, বান্দরবন, রংপুর, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও সাতক্ষীরা জেলার ভিজিডি কর্মসূচির সহায়তাপ্রাপ্ত দুই হাজার ৪০২ জন নারীর তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হয়। হতদরিদ্র নারীদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার পরিচালিত সবচেয়ে বড় কর্মসূচি ভিজিডি। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ভিজিডি কর্মসূচির আওতায় ১০ দশমিক ৭৬ শতাংশ নারীর বয়স প্রকল্পের নীতিমালায় অনুমোদিত বয়সের চেয়ে কম বা বেশি। নীতিমালায় বলা আছে, ১৮ থেকে ৪৯ বছরের নারীদের এই সহায়তা পাওয়ার কথা। তবে ৫০ বছরের ওপরে কিংবা ১৮ বছরের কম বয়সী নারীদের নাম-সহায়তা তালিকায় রয়েছে। নীতিমালায় বলা আছে, ১৫ শতাংশের কম জমি থাকলে নারীরা এই কর্মসূচির সহায়তা পাবে। তবে ১৪ দশমিক ৫৬ শতাংশ উপকারভোগীর জমির পরিমাণ ১৫ শতাংশের বেশি। অন্যদিকে সহায়তাপ্রাপ্ত ৭ দশমিক ৫ শতাংশ নারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা মেম্বারের আত্মীয়স্বজন। বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। প্রতিবেদনের ওপর সাংসদ আকরাম হোসেন চৌধুরী, এম এ মান্নান, বীরেন শিকদার, রেবেকা মোমিন, জিনাতুন নেসা তালুকদার, মোজাহার আলী প্রধান, শামীমা আকতার প্রমুখ মন্তব্য করেন। প্রতিবেদন উপস্থাপন করেন ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের সিনিয়র রিসার্চ ফেলো মাহফুজ কবীর। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ শতাংশ নারী মনে করেন উপকারভোগী নির্বাচন-প্রক্রিয়া নিরপেক্ষ হয়নি। ১৭ দশমিক ৭ শতাংশ উপকারভোগী বলেছেন ভিজিডি কার্ড পেতে নগদ অর্থ দিতে হয়েছে। এ ধরনের উত্তরদাতা রংপুর ও ময়মনসিংহে বেশি। ৬১ ভাগ জানিয়েছেন ভিজিডির জন্য গঠিত কমিটি কোনো তদারকি করে না। কর্মসূচির ত্রুটিগুলো দূর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে উল্লেখ করে শিরীন শারমিন চৌধুরী বলেন, কর্মসূচি বাস্তবায়ন করতে গিয়ে কিছু সমস্যা থাকতে পারে। এ ধরনের গবেষণা ও আলোচনা সমস্যা দূর করার ক্ষেত্রে খুবই সহায়ক। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে যেকোনো পরামর্শ তাঁরা গ্রহণ করবেন।ভিজিডি কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনে বিভিন্ন ত্রুটির কথা উল্লেখ করে সাংসদেরা বলেন, নির্বাচন-প্রক্রিয়ায় আরও নজর দিতে হবে। দুস্থ নারীদের প্রশিক্ষণ ও তাঁদের সংগঠিত করার উদ্যোগ নিতে হবে। নারীদের অবস্থার পরিবর্তন হচ্ছে কি না, তাও খতিয়ে দেখা জরুরি। মোহাম্মদ ইব্রাহিম খালেদ কর্মসূচির ফলাফল মূল্যায়নের ওপর জোর দিয়ে বলেন, উপকারভোগীদের খাদ্যসহায়তা দেওয়ার পাশাপাশি তাদের স্বাবলম্বী করার বিষয়ে নতুন কৌশল নিতে হবে।