অনিয়ম, ব্যর্থতা আমলে নিয়ে নতুন মন্ত্রিসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কার্টুন: শিশির
কার্টুন: শিশির

পুরোনো মন্ত্রিসভা থেকে বাদ পড়া ৩৫ জনের মধ্যে অন্তত ২৮ মন্ত্রী-প্রতিমন্ত্রী দায়িত্ব পালনকালে নানা কারণে বিতর্কিত ছিলেন। তাঁদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, স্বজনপ্রীতি এবং অস্বাভাবিক সম্পদ অর্জনসহ অদক্ষতা ও অযোগ্যতার অভিযোগ ছিল।
নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা পর্যালোচনা করে দেখা গেছে, পাঁচ বছরে তাঁদের অনেকের সম্পদ বহু গুণ বেড়েছে। কেউ কেউ প্রভাব খাটিয়ে ব্যাংক, বিমা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন, স্ত্রীর নামে সম্পদ গড়েছেন। কেউ সাগরে মাছ ধরার ট্রলার ও কনটেইনার জাহাজের লাইসেন্স স্ত্রী অথবা আত্মীয়স্বজনের নামে নিয়েছেন।
আওয়ামী লীগের কয়েকজন নেতা আলাপকালে বলেন, হলফনামা পর্যালোচনা করে পত্রপত্রিকাগুলো মন্ত্রী-সাংসদদের যে সম্পদের হিসাব প্রকাশ করেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলো আমলে নিয়েছেন। প্রধানমন্ত্রী নতুন মন্ত্রিসভাকে যতটা সম্ভব স্বচ্ছ করে নতুনদের এগিয়ে নিতে চেয়েছেন এবং একই সঙ্গে অভিজ্ঞদেরও গুরুত্ব দিয়েছেন।
তবে নতুন মন্ত্রিসভায় স্থান না পেয়ে পুরোনো মন্ত্রীদের অনেকেই হতাশ হয়েছেন। মন্ত্রিসভায় স্থান পাবেন—এ আশায় বেশ কয়েকজন মন্ত্রী নির্বাচনকালীন সরকারি বাড়িগাড়ি পর্যন্ত ফেরত দেননি। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত রোববার যে মন্ত্রিসভা করেছেন, তাতে তাঁরা আশাহত হয়েছেন। পুরোনো মন্ত্রী-প্রতিমন্ত্রীদের ১৮ জন নতুন মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। তাঁদের বেশির ভাগেরই স্বচ্ছ ভাবমূর্তি রয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । ছবি: প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান । ছবি: প্রথম আলো

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুজন সদস্য প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী একটি স্বচ্ছ ও দক্ষ মন্ত্রিসভা গঠনের চেষ্টা করেছেন। বিগত সময়ে যাঁরা নানা কারণে বিতর্কিত ছিলেন, তাঁদের তিনি বাদ দিয়েছেন। গত রোববার মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘এটা শেখ হাসিনার মন্ত্রিসভা। এখানে কাজ না করলে স্থান পাওয়া যায় না।’
গণমাধ্যমে আওয়ামী লীগের আগের সরকারের কিছু মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সাংসদের হলফনামা ধরে অস্বাভাবিক সম্পদ অর্জনের সংবাদ প্রকাশিত হয়েছে। দেশের বিশিষ্ট ব্যক্তিরাও পুরোনো মন্ত্রিসভার বিতর্কিত এবং নানা কারণে অভিযুক্তদের নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত না করার আহ্বান জানিয়েছেন।
বাদ পড়া মন্ত্রীদের মধ্যে মহীউদ্দীন খান আলমগীর ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে। অতিকথনের জন্য তিনি ছিলেন আলোচনা-সমালোচনার কেন্দ্রবিন্দুতে। রানা প্লাজা ধসের ঘটনায় তিনি বিরোধী দলকে দায়ী করে বলেছিলেন, তাদের কর্মীরা স্তম্ভ ধরে নাড়াচাড়া করায় ভবন ধসে পড়েছে। সাজাপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী বিকাশকে জেল থেকে ছেড়ে দেওয়ার ঘটনায় সরকারের শীর্ষ পর্যায় তাঁর ওপর নাখোশ হন। পুলিশ সদর দপ্তরের সঙ্গেও তাঁর সম্পর্ক ভালো ছিল না। গত পাঁচ বছরে তিনি ব্যাংক, বেসরকারি বিশ্ববিদ্যালয়, কনটেইনারবাহী জাহাজের লাইসেন্সসহ নানা সুযোগ-সুবিধা নিয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি দায়িত্ব পালনে চরম অযোগ্যতার পরিচয় দিয়েছেন। সরকারের কূটনৈতিক ব্যর্থতার জন্য তাঁকে দায়ী করা হয়। প্রভাবশালী দেশগুলো তাঁর প্রতি বিরক্ত ছিল। তিস্তা চুক্তি নিয়ে কলকাতায় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠককালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন দীপু মনি। ফলে কেন্দ্রীয় সরকারের সম্মতি সত্ত্বেও মমতার বিরোধিতায় ভারতের সঙ্গে তিস্তা ও স্থলসীমা চুক্তি সম্পাদিত হয়নি। এটা তাঁর বড় কূটনৈতিক ব্যর্থতা বলে মনে করা হয়। এ ছাড়া নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সরকারের শীর্ষ পর্যায়ের সম্পর্কের অবনতির জন্য আওয়ামী লীগের বড় নেতারাই দীপু মনিকে দায়ী করেন।
আ ফ ম রুহুল হক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে পাঁচ বছরে তাঁর স্ত্রীর সম্পদ বেড়েছে ৭৮২ শতাংশ। নির্বাচন কমিশনে দেওয়া হলফনামা থেকে এ তথ্য পাওয়া গেছে। বড় ব্যবসায়ী হয়েছেন রুহুল হকের একমাত্র ছেলে জিয়াউল হক। চাকরি ছেড়ে তিনি আন্তর্জাতিক টেলিফোন কল ও ওষুধের ব্যবসা করছেন। তিনি অবশ্য বাদ পড়ার কারণ খুঁজে পাচ্ছেন না। প্রথম আলোকে তিনি বলেন, স্বাস্থ্য খাতে তাঁর মতো উন্নয়ন কে করতে পেরেছে? তিনি বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে সহযোগিতা করতে রাজি আছেন বলে জানান।
খাদ্য অধিদপ্তরের নিয়োগ নিয়ে সমালোচিত হয়েছেন খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক। এ কারণেই তিনি বাদ পড়েছেন কি না, জানেন না। তবে প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশ যে এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, এটা তাঁরই অবদান।
এপিএস ব্যাগ-ভর্তি টাকাসহ পিলখানায় আটক হওয়ার ঘটনায় দপ্তর হারান সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। দলের একজন জ্যেষ্ঠ নেতা হয়েও নতুন মন্ত্রিসভায় তাঁর জায়গা হয়নি। প্রথম আলোকে তিনি বলেন, বর্তমান অস্বাভাবিক পরিস্থিতিতে মন্ত্রিসভার অনেক চ্যালেঞ্জ এবং গুরুত্ব অনেক বেশি। মানুষের প্রত্যাশা অনুযায়ী মন্ত্রিসভা গঠন করতে হয়েছে। এটা নতুনদের জন্য হয়তো ট্রায়াল এবং অন্যদের হয়তো আরও গুরুত্বপূর্ণ জায়গায় নেওয়া হবে।
নরসিংদী পৌরসভার মেয়র লোকমান হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক শ্রমমন্ত্রী রাজিউদ্দিন আহমেদের ভাইয়ের সম্পৃক্ততার অভিযোগ ছিল। ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী থাকাকালেও তিনি নানা কর্মকাণ্ডে বিতর্কিত হন।
ফারুক খান বাণিজ্যমন্ত্রী থাকাকালে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ছিল আকাশচুম্বী। এ ক্ষেত্রে তাঁর অদক্ষতাকে দায়ী করেন অনেকে। হলফনামায় বেশি সম্পদের বিবরণ দিয়ে সমালোচিত হন সাবেক পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদও। সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসের বিরুদ্ধে নিয়োগ-বদলিতে অনিয়মের অভিযোগ আছে।
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকও মন্ত্রিসভায় স্থান পাওয়ার পর যথেষ্ট সম্পদশালী হয়েছেন। এ ক্ষেত্রে তাঁর স্ত্রী তাঁকে ছাড়িয়ে গেছেন। পাঁচ বছর আগে এই দম্পতির সম্পদ ছিল মাত্র ৯৭ লাখ টাকা। এখন বেড়ে হয়েছে আট কোটি টাকার বেশি। এ ছাড়া নানকের স্ত্রী, মেয়েসহ নিজস্ব লোকজনের নামে ব্যাংক, বিশ্ববিদ্যালয়, আইজিডব্লিউ ও কুইক রেন্টালের লাইসেন্স রয়েছে।
সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খানের সম্পদ গত পাঁচ বছরে ১০৭ গুণ বেড়েছে। পাঁচ বছর আগে মান্নান খান দম্পতির আয় ছিল ২৬ লাখ ২৫ হাজার টাকা। নির্ভরশীলদের কোনো আয় ছিল না। পাঁচ বছর পর তিনি ও তাঁর স্ত্রী বা অন্য নির্ভরশীলদের বার্ষিক আয় হয়ে গেছে প্রায় সাড়ে তিন কোটি টাকা।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এর অধীন প্রতিষ্ঠানে নিয়োগ ও বদলিতে অনিয়মের অভিযোগ আছে।
সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের ছেলের বিরুদ্ধে লালমনিরহাটে টেন্ডার-বাণিজ্যের অভিযোগ আছে। তাঁর সাবেক এপিএস রংপুরে টেন্ডারবাজি করতে গিয়ে একবার গ্রেপ্তার হয়েছিলেন।
সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলামের বিরুদ্ধে সরকারের পদস্থ কর্মকর্তাদের অনিয়ম করে মুক্তিযোদ্ধা সনদ দেওয়ার অভিযোগ আছে। এতে এসব কর্মকর্তার চাকরির বয়স দুই বছর বেড়ে যায়।
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান ক্ষমতার পাঁচ বছরে ২০ একর জমি থেকে দুই হাজার ৮৬৫ একর জমির মালিক হন। পাঁচ বছরে তাঁর ব্যাংকে টাকা বেড়েছে ৫৮৬ গুণ, জমি বেড়েছে ১৪৩ গুণ এবং বার্ষিক আয় বেড়েছে ৭৯ গুণ।
এ ছাড়া সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকিরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ছিল। সাবেক স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন, ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আবদুল হাইয়ের বিরুদ্ধে অদক্ষতার অভিযোগ আওয়ামী লীগের ভেতরেই আলোচিত।
এবার মন্ত্রিসভায় ২৮ জন নতুন মুখ অন্তর্ভুক্ত হয়েছেন। এঁদের মধ্যে অন্তত দুজন ‘সান্ত্বনা পুরস্কার’ হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন। তাঁরা হলেন ময়মনসিংহের মতিউর রহমান। তাঁর আসনটি রওশন এরশাদকে ছেড়ে দেওয়ার কারণে তাঁকে টেকনোক্র্যাট কোটায় ধর্মমন্ত্রী করা হয়েছে। অপরজন ইমাজউদ্দিন প্রামাণিক। তিনি নওগাঁ-৪ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন। প্রবীণ নেতা হিসেবে তাঁকে মন্ত্রী করে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।