অনিয়ম, সিল মারার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) গতকাল বুধবার ভোট গ্রহণ চলাকালে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আওয়ামী লীগের কর্ম–সমথর্কেরা সিল পিটিয়েছেন এবং ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলে। কয়েকটি কেন্দ্রে নৌকা প্রতীকে প্রকাশ্যে সিল দিতে ভোটারদের বাধ্য করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেকড়া ইউনিয়নের এবতেদায়ি মাদ্রাসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুটি বুথের সামনে ভোটারদের ছোট দুটি সারি। বাইরে পুলিশ। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছ থেকে ব্যালট পেপার নেওয়ার পর সেখানে প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল দেওয়া হচ্ছে। পাশে দাঁড়িয়ে ছিলেন আওয়ামী লীগের এক কর্মী। সেই কক্ষের অন্য পাশেই প্রিসাইডিং কর্মকর্তা ঘোরাঘুরি করছেন। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে প্রকাশ্যে সিল মারা বন্ধ করে গোপন কক্ষে গিয়ে ভোট দেওয়া হয়। এ ব্যাপারে প্রিসাইডিং কর্মকর্তা শায়েস্তা খান বলেন, ‘না, কোনো অনিয়ম হচ্ছে না। স্বাভাবিকভাবেই ভোটাররা ভোট দিচ্ছেন।’ তবে কেন্দ্রের বাইরে কয়েকজন ভোটার অভিযোগ করেন, তাঁরা কেউ ভোট দিতে পারেননি। ভোটার সালাম খান বলেন, ‘ভোট দিতে গিয়ে ফিরে আইছি। তারাই (নৌকার লোকরা) ভোট দিতাছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী, বিএনপি প্রার্থীর কোনো লোক ভেতরে থাকতে দেয় নাই।’ বেকড়া গ্রামের আবদুল আউয়াল বলেন, ‘কেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াইছিলাম। পরে ভোট না দিয়ে ঘুইরা আইছি। নৌকার লোক কেন্দ্রে আছে, তারাই ভোট দিতাছে।’ একই ইউনিয়নের বাতেন মিয়া, ইছাক মোল্লা, রাসেল মিয়াও একই কথা বলেন।
সলিমাবাদ ইউনিয়নের সলিমাবাদ বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোটার সালমা বেগম বলেন, ‘আমি নৌকায় ভোট না দেওয়ায় কেন্দ্রের ভেতর আওয়ামী লীগের লোকেরা খারাপ ব্যবহার করেছে। এ সময় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষের কয়েকজন লোক আমাকে ঘিরে ধরে এবং টেনে বাইরের দিকে নিয়ে যায়।’ ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নুরুন নবী জানান, সাড়ে দশটার দিকে একজন লোক হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে হইচই শুরু করে। তার পেছনে আরও কয়েকজন ঢুকে পড়ে। তারাও হইচই শুরু করে। এ ছাড়া কোনো গোলযোগ হয়নি।
নির্বাচন চলাকালে জাল ভোট দেওয়ার অপরাধে তিন যুবককে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুটি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কমপক্ষে পাঁচজন আহত হন। এঁদের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ছাড়া বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্র থেকে ৯৪টি ব্যালট ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
দুপুর ১২টার দিকে বেকড়া আটগ্রাম ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের প্রার্থী মো. শওকত হোসেনের সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. মনিরুজ্জামান মোল্লার কর্মীদের সংঘর্ষ হয়। এতে আওয়ামী লীগ প্রার্থীর দুজন কর্মী আহত হন। আহত আওয়ামী লীগ কর্মী লুৎফর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপর দিকে সলিমাবাদ বালিকা বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিদ্রোহী প্রার্থী মো. শফিকুল ইসলামসহ তিনজন আহত হন। এদিকে জাল ভোট দেওয়ার সময় নাগরপুর যদুনাথ পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একজন ও বেকড়া মাদ্রাসা কেন্দ্র থেকে তিনজনকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া গয়হাটা ইউনিয়নে বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চবিদ্যালয় কেন্দ্রের ৬ নম্বর কক্ষ থেকে ৯৪টি ব্যালট ছিনিয়ে নিয়ে যান আওয়ামী লীগের প্রার্থী শেখ শামসুল আলমের সমর্থকেরা।