অনিয়ম হওয়ায় ৫৩১টি কার্ড বাতিল, বিতরণে নতুন নিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৫৩১টি কার্ড বাতিল করা হয়েছে। তালিকা তৈরিতে নানা অনিয়মের অভিযোগে এসব কার্ড
বাতিল করে উপজেলা প্রশাসন। এ ছাড়া দুর্নীতি ঠেকানোর জন্য এখন থেকে খাদ্যগুদাম থেকে ৩০ কেজি ওজনের চালের বস্তা ডিলারদের কাছে সরবরাহ করবে প্রশাসন। ওই বস্তাই ডিলাররা সুবিধাভোগী ব্যক্তিদের দেবেন।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্র জানায়, উপজেলার ১৩টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে প্রাথমিক পর্যায়ে মোট ৫৩১টি কার্ড বাতিল হয়েছে। এর মধ্যে গড়াডোবা ইউনিয়নে ১১৩টি, বলাইশিমুলে ৬৬টি, চিরাংয়ে ৬৯টি, দল্পায় ৫৯টি, রোয়াইলবাড়িতে ৫৪টি, মাস্কায় ৪৭টি, নওপাড়ায় ৪৫টি, আশুজিয়ায় ৩৯টি, গণ্ডায় ৩৩টি ও মোজাফরপুরে ৬টি কার্ড বাতিল করা হয়েছে। বাতিল এসব কার্ডের পরিবর্তে এখন তালিকায় নতুন সুবিধাভোগী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে উপজেলার কান্দিউড়া, পাইকুড়া ও সান্দিকোনা ইউনিয়নে কোনো কার্ড বাতিল করা হয়নি।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল কেনার জন্য উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৮ হাজার ৪৮৯ জন হতদরিদ্রকে কার্ড দেওয়া হয়েছে। গত সেপ্টেম্বর ও অক্টোবরে সব ইউনিয়নেই চাল বিতরণ করা হয়। একপর্যায়ে বিভিন্ন ইউনিয়নে সুবিধাভোগী ব্যক্তিদের তালিকায় সচ্ছল ও ধনী ব্যক্তিদের নাম থাকাসহ তালিকা তৈরিতে নানা অনিয়ম-দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। তা ছাড়া এ নিয়ে প্রথম আলোতেও একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন ওই তালিকা সংশোধনের জন্য ইউপি চেয়ারম্যান ও সদস্যদের নির্দেশ দেয়। সেই সঙ্গে উপজেলা প্রশাসনের ফেসবুক পেজে সব ইউনিয়নের সুবিধাভোগী ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয়।
এ অবস্থায় উপজেলার সব ইউনিয়নে চলতি নভেম্বর মাসের চাল বিক্রি তিন সপ্তাহ বন্ধ রাখা হয়। প্রকৃত হতদরিদ্রদের এ কর্মসূচির আওতায় আনার জন্য ৯টি ইউনিয়নে ৫৩১ জনের কার্ড বাতিল করা হয়েছে। তা ছাড়া দুর্নীতি বন্ধের জন্য আগে যেখানে ডিলাররা দোকানে বসে চাল মেপে বিক্রি করতেন, সেখানে এখন সরকারি খাদ্যগুদাম থেকেই ৩০ কেজি ওজনের চালের বস্তা ডিলারদের কাছে পাঠানো হবে। ফলে এখন সেলাই করা বস্তায় ৩০ কেজি করে চাল পাবেন সুবিধাভোগী ব্যক্তিরা।
এ ব্যাপারে উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মো. জয়নুল আবেদীন বলেন, প্রথম পর্যায়ে এসব কার্ড বাতিলের পরও যদি কোনো অভিযোগ আসে, তাহলে আবারও তালিকা সংশোধন করা হবে।