চট্টগ্রামের পটিয়া উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নের (টিআর) গম বিতরণে প্রতারণা ও অনিয়মের ব্যাপারে তদন্ত অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। গতকাল দ্বিতীয়বারের মতো পটিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম আশিয়া ইউনিয়নের কমলাপাড়া ও ভাটিখাইন ইউনিয়নে প্রকল্পগুলোর বিষয়ে খোঁজ নিয়েছেন। অনিয়মে খোদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হোসেন এবং পিআইও জাহাঙ্গীর আলমের যোগসাজশ আছে বলে অভিযোগ ওঠায় এই ‘খোঁজখবর’ নেওয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। গত শুক্রবার প্রথম আলোয় আশিয়া কমলাপাড়া গ্রামে লোকনাথ মন্দির এবং ভাটিখাইন ইউনিয়নে শহীদ স্মৃতিস্তম্ভ ও শেখ রাসেল স্মৃতি পাঠাগারের নাম দিয়ে টিআরের টাকা তোলার খবর প্রকাশিত হয়। গতকাল পিআইও এসব মন্দির ও সংগঠনের অস্তিত্ব আছে কি না, সে বিষয়ে খোঁজ নেন। আশিয়া গ্রামের বাসিন্দা আশিষ দত্ত প্রথম আলোকে বলেন, দুপুর ১২টার দিকে পিআইও কমলাপাড়া গ্রামের একাধিক ব্যক্তির কাছে সেখানে লোকনাথ মন্দির নামে কোনো মন্দির আছে কি না এবং কেউ এর নামে বরাদ্দ তুলেছে কি না, তা জানতে চান। জবাবে সবাই তাঁকে বলেছেন, এখানে এই নামে কোনো মন্দির নেই। এদিকে ভাটিখাইন ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুল আলম বলেন, পিআইও তাঁকে এলাকায় কিছু প্রকল্পের কাজ দেখার জন্য একজন চৌকিদার সঙ্গে দিতে বলেন। তিনি ইউনিয়নের চৌকিদার স্বপন দেকে তাঁর সঙ্গে দেন। স্বপন দে প্রথম আলোকে বলেন, পিআইও তাঁকে নিয়ে নির্দিষ্ট এলাকায় গিয়ে সেখানে শেখ রাসেল স্মৃতি পাঠাগার খুঁজে পাননি এবং নবজাগরণ সংস্থায় গিয়ে সেখানে নির্মিত নতুন কোনো শহীদ স্মৃতিস্তম্ভও পাননি। পিআইও জাহাঙ্গীর আলমকে আশিয়া কমলাপাড়ায় লোকনাথ মন্দির, ভাটিখাইন শহীদ স্মৃতিস্তম্ভ ও শেখ রাসেল স্মৃতি পাঠাগারের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে কি না, জিজ্ঞাসা করলে তিনি প্রথম আলোকে বলেন, এ বিষয়ে কথা বলার ব্যাপারে তাঁর সীমাবদ্ধতা আছে। তাই তিনি কিছু বলবেন না। তিনি বলেন, খোঁজখবর নিয়ে তিনি এই ব্যাপারে ইউএনওকে রিপোর্ট করবেন। প্রসঙ্গত, পটিয়ায় ভুয়া সংগঠন দেখিয়ে টিআরের টাকা আত্মসাতের খবর গত শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত হয়। এরপর অভিযোগের সত্যতা যাচাইয়ে গত রোববার ইউএনওর নেতৃত্বে একটি দল বিভিন্ন এলাকা পরিদর্শন করে।