সরকারের এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) বগুড়া কার্যালয়ের কর্মকর্তারা ২০১২ সালের ২৩ মার্চ একটি এক হাজার কেভিএ জেনারেটর আনুষ্ঠানিকভাবে বুঝে নেন। এরও দুই মাস পর ওই জেনারেটর তৈরির কারখানা দেখার নাম করে যুক্তরাজ্য ভ্রমণে গিয়েছিলেন প্রতিষ্ঠানটির তিন কর্মকর্তা।
ইডিসিএলে এ রকম অনেক অনিয়মের উদাহরণ সৃষ্টি করেছেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম কদরুল হুদা। অভিযোগ আছে, গোপালগঞ্জের আওয়ামী লীগের নেতার জামাই (মেয়ের স্বামী) হওয়ার ফলে নিয়োগবিধি লঙ্ঘন করে কদরুল হুদাকে এমডি করা হয়। এমডি হওয়ার পর চাকরি দিয়েছেন ছোট দুই ভাই, বড় ভাইয়ের শ্যালক, একাধিক বন্ধুসহ গোপালগঞ্জের পাঁচ শতাধিক মানুষকে। এখন সরকারি অর্থে বিদেশি শিল্পীর গানের আসর বসাচ্ছেন মাঝেমধ্যে। কদরুল হুদা নিয়ম মেনে অফিসে আসেন না। জ্যেষ্ঠ কর্মকর্তা ও কর্মচারীরা জানিয়েছেন, নিয়োগ পাওয়ার কিছুদিন পর থেকেই তিনি দুপুরের পর কাজে আসেন। এ ব্যাপারে কদরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘আমি কোনো কাজ ফেলে রাখি না। সব কাজ সেরে তারপর অফিস ছাড়ি।’
অফিসটি বেশ সাজানো। অফিস সাজানোর বিল করেছেন এক কোটি ৩৯ লাখ টাকা। বিল নিয়েছে কুষ্টিয়ার খোকসার একটি প্রতিষ্ঠান। ব্যয়ের পক্ষে যুক্তি দিয়ে কদরুল বলেছেন, ‘সরকারি অফিস বলে তো গিরবানা হালে থাকতে পারে না।’
আনন্দভ্রমণ: কেনাকাটার সঙ্গে জড়িত একাধিক ব্যক্তি বলেছেন, যন্ত্রপাতি কেনার আগেই মান যাচাই করা হয়, কোন প্রতিষ্ঠানে তা তৈরি করা হয়, তাও প্রয়োজনে সরেজমিনে দেখা হয়। জেনারেটর কেনার ক্ষেত্রে ঘটনা হয়েছে ভিন্ন। কাগজপত্র ঘেঁটে দেখা গেছে, জেনারেটরটি যুক্তরাজ্যের পাওয়ারকো সিস্টেমের কাছ থেকে দুই কোটি ২২ লাখ টাকা দিয়ে কেনা হয়। ইডিসিএলের বগুড়া কার্যালয়ের ভান্ডার কর্তৃপক্ষ ২০১২ সালের ২৩ মার্চ জেনারেটরটি চূড়ান্তভাবে বুঝে নেয়।
এরপর কদরুল হুদা প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক (প্রকৌশলী) মো. আহবুবুল আলম, ব্যবস্থাপক (পরিকল্পনা ও ক্রয়) মো. আলী মোকাররম এবং খুলনা কনডম ফ্যাক্টরির ব্যবস্থাপক আবদুল আল মামুনকে ২১ মে যুক্তরাজ্যে পাঠান। এঁরা ৩ জুন দেশে ফেরেন।
কদরুল হুদা বলেন, নিয়ম মেনেই তাঁদের বিদেশে পাঠানো হয়েছিল।
নিয়োগে অনিয়ম: ইডিসিএলের নিয়োগবিধিতে বলা আছে, ব্যবস্থাপনা পরিচালকের স্নাতকোত্তর ডিগ্রি, ওষুধশিল্পে কমপক্ষে ২০ বছরের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়স হবে ৫০ বছরের বেশি।
ওষুধশিল্প-সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা না থাকলেও কদরুল হুদাকে ২০০৯ সালের ৭ অক্টোবর এই পদে বসানো হয়। তখন তাঁর বয়স ছিল ৪৬ বছর। পেশায় তিনি চিকিৎসক। আগে কোনো সরকারি চাকরির অভিজ্ঞতা তাঁর ছিল না। যোগ্যতা না থাকলেও তাঁকে এই পদে বসানো হয়েছিল রাজনৈতিক কারণে। কদরুল হুদার শ্বশুর মোহাম্মদ আলী খান (আবু মিয়া) গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
কদরুল হুদা নিয়োগ পাওয়ার পর প্রথমে নিজের সুযোগ-সুবিধা বাড়িয়ে নেন। তাঁর আগের ব্যবস্থাপনা পরিচালক বেতন-ভাতাসহ মাসে আড়াই লাখ টাকার আর্থিক সুবিধা পেতেন। কদরুল হুদা তা বাড়িয়ে সাড়ে চার লাখ টাকা করেন।
নিজের বেতন-ভাতা বাড়ানোর পর কদরুল হুদা পরিবারের অন্য সদস্যদের ব্যাপারে মনোযোগী হন। ছোট ভাই আবদুল্লাহ আল মামুনকে খুলনা কনডম কারখানার ব্যবস্থাপকের দায়িত্বে বসান। অন্য ভাই তরিকুল হুদা ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে ক্রয় কর্মকর্তা। দুই ভাইকে চাকরি দেওয়ার ব্যাপারে কদরুল হুদা বলেন, ‘তারা তো যোগ্য, আমার ভাই বলে কি কাজ পাবে না?’
খুলনা কারখানায় যোগাযোগ করে জানা গেছে, আল মামুন গোপালগঞ্জে থাকেন। মাসে দু-একবার খুলনায় যান। এ ব্যাপারে কদরুল হুদা বলেন, ওই অঞ্চলে সর্বহারার দাপট বেশি বলে তাঁর ভাই সেখানে থাকতে পারেন না।
সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ইডিসিএলের চার শতাধিক কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়। মহাজোট সরকার ক্ষমতায় এসে ঢাকা, খুলনা, বগুড়ার কারখানায় প্রায় এক হাজার ১০০ লোক নিয়োগ দেয়। মূল দায়িত্বে ছিলেন কদরুল হুদা। নতুন নিয়োগ পাওয়াদের মধ্যে ৫০০ জনের বেশি গোপালগঞ্জ জেলার। খুলনার কনডম ফ্যাক্টরিতেই ৪৮০ জন লোকবলের মধ্যে ২৫০ জনই গোপালগঞ্জের। কদরুল হুদা বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের সময় গোপালগঞ্জের মানুষের প্রতি অন্যায় হয়েছিল।’
বন্ধু বলে কথা: প্রতিষ্ঠানের উপব্যবস্থাপক (প্রশাসন) মফিজুল ইসলাম, ভান্ডাররক্ষক কাইয়ুম খান, উপব্যবস্থাপক (ক্রয়) কবির হোসেন ব্যবস্থাপনা পরিচালকের ছাত্রজীবনের বন্ধু। তাঁর বেয়াই (বড় ভাইয়ের শ্যালক) রেজাউর রহমান প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা। এঁরা চাকরি পেয়েছেন কদরুল এমডি হওয়ার পর। কদরুল হুদা বলেছেন, এঁরা প্রত্যেকে নিজের যোগ্যতায় চাকরি পেয়েছেন।
কাগজপত্রে দেখা যায়, ২০১০ সালের ২৮ ফেব্রুয়ারি মো. জাহাঙ্গীর আলম প্রধান নামে একজন চিকিৎসককে খুলনা কনডম কারখানায় ব্যবস্থাপক হিসেবে অস্থায়ী নিয়োগ (অ্যাডহক) দেওয়া হয়। ওই চিকিৎসক খুলনায় কোনো দিন যাননি।
অনুসন্ধানে জানা গেছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়ার সময় কদরুল হুদার সঙ্গে জাহাঙ্গীরের খুব সখ্য ছিল। জাহাঙ্গীর পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একজন কর্মকর্তা, বর্তমানে নারায়ণগঞ্জে কর্মরত। যোগাযোগ করা হলে জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘ভাই, একসময় সম্পর্ক ছিল। এখন নেই।’
সংগীতপিপাসু: গত বছর বিজয় দিবস উদ্যাপন করার জন্য কলকাতা থেকে শিল্পী এনেছিলেন কদরুল হুদা। খরচ হয়েছিল ১৪ লাখ টাকা। ১৪ ফেব্রুয়ারি বার্ষিক বনভোজনেও ভারত থেকে শিল্পী আনেন কদরুল হুদা। একটি বেসরকারি ব্যাংকের নারায়ণগঞ্জ শাখার মাধ্যমে সাড়ে চার লাখ টাকা দেওয়া হয় বলে সূত্র জানিয়েছে।
এ ব্যাপারে কদরুল হুদা বলেন, কর্মচারী-কর্মকর্তাদের চিত্তবিনোদনের জন্য অর্থ খরচ করার অনুমোদন আছে পরিচালনা পরিষদের।
যন্ত্র নষ্ট রাখা হয়েছে: এত সব অনিয়ম আর স্বেচ্ছাচারিতার কারণে সরকারের একমাত্র ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির উৎপাদন ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠানের তরল বোতলজাতকরণ যন্ত্র বা লিকুইড ফিলিং মেশিন প্রায় দেড় বছর ধরে নষ্ট হয়ে আছে। ২০ ধরনের তরল ওষুধ তৈরি ও বোতলজাত করত ইডিসিএল। পুরোনো একাধিক কর্মকর্তা বলেছেন, বিদেশ থেকে যন্ত্র এনে ফেলে রাখা হয়েছে। একটি ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানকে ওষুধ তৈরি ও বোতলজাত করার কাজ দিয়েছেন কদরুল হুদা। ওই প্রতিষ্ঠানকে বছরে ৬০ কোটি টাকা দিচ্ছে ইডিসিএল।
গত নভেম্বরে এই যন্ত্র সম্পর্কে কদরুল হুদা বলেছিলেন, খুব শিগগির যন্ত্রটি ঠিক হয়ে যাবে। আজ পর্যন্ত ঠিক হয়নি।