টাঙ্গাইলের ভূঞাপুর ও কালিহাতী উপজেলা পরিষদ নির্বাচনে গত রোববার বেশকিছু কেন্দ্রে ব্যাপক কারচুপি হলেও প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নমনীয় ছিলেন বলে অভিযোগ করেছেন পরাজিত প্রার্থী ও একাধিক প্রিসাইডিং কর্মকর্তা। আর এই কারণে আগামী ৩১ মার্চ অনুষ্ঠেয় টাঙ্গাইলের বাকি চার উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আশঙ্কা বাড়ছে।
ওই নির্বাচনে গোপালপুর, টাঙ্গাইল সদর ও মির্জাপুর উপজেলা পরিষদে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী যথাক্রমে আবদুল কাদের কবীর, এম এ হামিদ ও মৃধা নজরুল ইসলাম বলেন, গত রোববার সরকারি দলের প্রার্থীদের জেতানোর জন্য যা করা হয়েছে তাতে আসন্ন নির্বাচন সুষ্ঠু হবে কি না তা নিয়ে তাঁরা খুবই চিন্তিত।
কাদের কবীর এরই মধ্যে আশঙ্কার কথা জানিয়ে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সবার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
রোববার ভূঞাপুর, কালিহাতী, মধুপুর ও নাগরপুর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম তিনটিতেই চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। শুধু নাগরপুরে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বিজয়ী হয়েছেন। কিন্তু এই নির্বাচনে ভূঞাপুর ও কালিহাতীর বেশকিছু কেন্দ্রে প্রকাশ্যে সিল মারা, একজনের ভোট আরেকজন দেওয়া, জাল ভোট, বুথের পরিবর্তে এজেন্টদের সামনে ভোটারদের ভোট দিতে বাধ্য করাসহ নানা অনিয়ম হয়েছে। কিছু কেন্দ্রে বেলা দুইটার মধ্যেই ভোট প্রায় শেষ পর্যায়ে নিয়ে আসা হয়। কিছু কেন্দ্রে ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থী অস্বাভাবিক ভোট পেয়েছেন।
কালিহাতীর আউলিয়াবাদ আলাউদ্দিন সিদ্দিকী মহাবিদ্যালয় কেন্দ্রে মোট তিন হাজার ১৪২ ভোটারের মধ্যে ভোট পড়েছে তিন হাজার ২৪টি। যার মধ্যে ক্ষমতাসীন দল-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী পেয়েছেন দুই হাজার ৯৪২টি। ভূঞাপুরের নলছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট তিন হাজার ২৬২ ভোটের মধ্যে পড়েছে দুই হাজার ৭৩৭টি। যার মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী একাই পেয়েছেন দুই হাজার ৭০৮ ভোট।
নাম প্রকাশে অনিচ্ছুক কালিহাতী পারকি ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী একজন প্রিসাইডিং কর্মকর্তা বলেন, ‘নির্বাচন নিয়ে নৈতিকভাবে হতাশ হয়ে গেছি। আমার জীবনে এ রকম ভোট নিইনি। সময়ে সময়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
এই উপজেলায় চেয়ারম্যান পদে প্রধান প্রতিদ্বন্দ্বী (পরাজিত) বিএনপির বিদ্রোহী প্রার্থী শুকুর মাহমুদ বলেন, ‘প্রশাসনই কারচুপিতে সহযোগিতা করেছে। কারণ, আমি বিভিন্ন কেন্দ্রে অনিয়মের বিষয়ে অভিযোগ করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। এই নির্বাচন মানতে পারি না।’
তবে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. রফিকুল ইসলাম ভোটের দিন বলেন, ‘কয়েকটি কেন্দ্র সম্পর্কে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ম্যাজিস্ট্রেটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পাঠানো হয়েছে। ঢালাও অভিযোগ সঠিক নয়।’
ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী উচ্চবিদ্যালয়সহ বেশ কিছু কেন্দ্রে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে প্রকাশ্যে সিল মারা হয়েছে। ওই সব কেন্দ্রে পুলিশসহ অন্যান্য কর্মকর্তারা নিষ্ক্রিয় ছিলেন বলে অভিযোগ পাওয়া যায়।
তবে ভোটের দিন সরেজমিনে দায়িত্বরত পুলিশ ও ভোটগ্রহণ কাজে যুক্ত ব্যক্তিরা বলেন, ‘শান্তিপূর্ণ’ নির্বাচন হচ্ছে। ভোটের দিন ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হেলালুজ্জামান সরকার বলেন, কয়েকটি কেন্দ্র সম্পর্কে একজন প্রার্থীর অভিযোগ পাওয়ার পরপরই সেগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।