অনিয়মের অভিযোগ অধ্যক্ষের অপসারণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা কওমি মাদ্রাসার অধ্যক্ষ মুফতি আবদুর রকিবের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গত শুক্রবার এলাকাবাসী সমাবেশ করে ওই অধ্যক্ষের অপসারণের দাবি জানিয়েছেন।
এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীরের উপস্থিতিতে পরিষদের মিলনায়তনে শনিবার সন্ধ্যায় অধ্যক্ষ রকিবের সঙ্গে এলাকাবাসী বৈঠক করেন। বৈঠকে তাঁর দায়িত্বকালীন মাদ্রাসার আয়-ব্যয়সহ যাবতীয় বিষয় নিয়ে ১০ নভেম্বর তদন্ত হবে বলে সিদ্ধান্ত হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাদ্রাসার ৬ শতাংশ জমি অর্পিত সম্পত্তির ‘ক’ তালিকাভুক্ত। এই জমি লক্ষ্মীপাশা মৌজার ৩১৯ ও ৩২০ নম্বর খতিয়ানভুক্ত (এসএ) ১০৭৯ নম্বর দাগের। ভুয়া দলিলের মাধ্যমে এই জমি নিজের নামে করতে অধ্যক্ষ রকিব গত ১৩ জানুয়ারি নড়াইল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে (যুগ্ম জেলা জজ আদালত) আবেদন করেন। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠেন। তাঁরা অধ্যক্ষের অপসারণের দাবিতে কয়েক দফা সমাবেশ করেন।
এরপর গত মার্চে এক বৈঠকে স্থানীয় সাংসদ শেখ হাফিজুর রহমানের উপস্থিতিতে মো. মকবুল হোসেনকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়। এই কমিটি ২৬ মে সাংসদের কাছে একটি প্রতিবেদন জমা দেয়। ওই তদন্ত প্রতিবেদনে অধ্যক্ষের বিরুদ্ধে ভুয়া দলিলের মাধ্যমে জমি দখলের চেষ্টাসহ নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিষয় উল্লেখ রয়েছে। এ ছাড়া প্রতিবেদনে অধ্যক্ষকে অব্যাহতি দেওয়ারও সুপারিশ করা হয়। অধ্যক্ষ ট্রাইব্যুনালে করা তাঁর ওই আবেদন এরপর প্রত্যাহার করে নেন।
পরে ক্ষুব্ধ এলাকাবাসী গত ৩০ অক্টোবর অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ নজরুল ইসলামকে আহ্বায়ক করে ১৮০ সদস্যের ‘অধ্যক্ষ অপসারণের সংগ্রাম কমিটি’ গঠন করেন। ওই কমিটি শুক্রবার লক্ষ্মীপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশ করে অধ্যক্ষ রকিবকে অপসারণের দাবি জানায়।
এ ব্যাপারে অধ্যক্ষ আবদুর রকিব বলেন, এভাবে ভুয়া দলিলের রেফারেন্স দিয়ে ওই আবেদন করা ঠিক হয়নি। তিনি আবেদন প্রত্যাহার করেছেন। তবে তিনি তাঁর বিরুদ্ধে আনা অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে সাংসদ শেখ হাফিজুর রহমান বলেন, অধ্যক্ষ ওই আবেদন প্রত্যাহার করলেও তাঁর স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে এলাকাবাসী আন্দোলন করছেন।