অনিয়মের অভিযোগ করলেন তিন সাংসদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীতে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ এনে তিন সাংসদ নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছেন। গতকাল শনিবার দুপুরে রাজবাড়ী প্রেসক্লাবে রাজবাড়ী-১ আসনের সাংসদ কাজী কেরামত আলী ও সংরক্ষিত নারী আসনের সাংসদ কামরুন নাহার চৌধুরী যৌথ সংবাদ সম্মেলনে এ দাবি জানান।
এ ছাড়া রাজবাড়ী-২ আসনের সাংসদ মো. জিল্লুল হাকিম দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। জিল্লুল হাকিম ও কাজী কেরামত আলী যথাক্রমে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। কামরুন নাহার চৌধুরী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি রাজবাড়ীতে পুলিশ কনস্টেবল নিয়োগের বিভিন্ন ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু লিখিত পরীক্ষার ফলাফল টাঙানো হয়নি। মৌখিক পরীক্ষায় একসঙ্গে ১০ জন পর্যন্ত প্রার্থীকে ডাকা হয়। এ ছাড়া পুলিশ সুপারের দপ্তর থেকে যাঁদের নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে, তাঁদের রাজনৈতিক-সামাজিক পরিচয় নিয়ে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তির মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে কাজী কেরামত আলী বলেন, নিয়োগের সময় মুক্তিযোদ্ধা কোটার পদ ফাঁকা রাখা হয়েছে। বিবাহিত প্রার্থীকেও নিয়োগ দেওয়া হয়েছে। টাকা দেওয়ার পর পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়েছে। এসব কারণে এই নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি করা হয়েছে। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সদস্য আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, মোট ৭৭টি পদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এর মধ্যে নারীদের জন্য ১২টি এবং মুক্তিযোদ্ধা কোটার জন্য ১৯টি পদ সংরক্ষিত রাখা হয়। রাজবাড়ী জেলা পুলিশ সুপারকে (এসপি) সভাপতি এবং মানিকগঞ্জ ও ফরিদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে (এএসপি) সদস্য করে নিয়োগ বোর্ড গঠন করা হয়।
জানতে চাইলে এসপি তাপতুন নাসরিন বলেন, নিয়ম মেনে নিয়োগ দেওয়া হয়েছে। কেউ নিয়োগ পরীক্ষায় শর্ত গোপন করলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিয়োগের ক্ষেত্রে অস্বচ্ছতার কোনো সুযোগ নেই।