অনিয়মের অভিযোগ বিএনপির অস্বীকার আওয়ামী লীগের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে কেন্দ্র দখলের চেষ্টা, প্রকাশ্যে সিল মারা এবং ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগ করেছে বিএনপি। অনিয়মের কারণে দুটি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। একটি কেন্দ্রের বাইরে দুজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর বাইরে নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে।
দুই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল রোববার ভোট গ্রহণ শেষে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র জহিরুল হক। তিনি অভিযোগ করেন, ওই কেন্দ্র দুটিতে ভোট গ্রহণ স্থগিত করার মতো কোনো ঘটনা ঘটেনি। তাঁর অভিযোগ, উদ্দেশ্যমূলকভাবে রিটার্নিং কর্মকর্তা প্রিসাইডিং কর্মকর্তাকে দিয়ে ভোট স্থগিত করেছেন।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, দুটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে ভোট গ্রহণ স্থগিত করেছেন।
গতকাল সকাল আটটায় শান্তিপূর্ণ পরিবেশে পৌরসভার নয়টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। প্রায় প্রতিটি কেন্দ্রেই সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বেলা পৌনে ১১টার দিকে ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একদল যুবক ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মারার ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টি হলে কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করেন প্রিসাইডিং কর্মকর্তা। বেলা ১১টার দিকে কবিরহাট মডেল উচ্চবিদ্যালয় কেন্দ্রের একটি বুথে কয়েকজন যুবক ঢুকে পড়েন। তাঁরা ভোটারদের কাছ থেকে ব্যালট ছিনিয়ে নিয়ে প্রকাশ্যে সিল মারেন বলে অভিযোগ ওঠে। এ নিয়ে সেখানে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তি হয়। এ সময় কেন্দ্রে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বেলা পৌনে দুইটার দিকে ৮-১০ জন যুবক আলীপুর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট কেন্দ্রে ঢুকে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার কাছে থেকে কিছু ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যান। এ ঘটনায় কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হলে প্রিসাইডিং কর্মকর্তা ভোট গ্রহণ স্থগিত করেন। বিভিন্ন কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি ও জাল ভোট দেওয়ার অভিযোগে কর্তব্যরত ম্যাজিস্ট্রেটরা তিন যুবককে ভিন্ন ভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন।
বিএনপির প্রার্থী মোস্তাফিজুর রহমান অভিযোগ করেন, প্রতিটি কেন্দ্রেই নৌকার প্রার্থীর লোকজন এক থেকে দেড় শ ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে সিল মেরে বাক্সে ফেলেছেন। এ ছাড়া অনেক ভোটারকে প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করা হয়েছে। ইন্দ্রপুর এলাকায় আ.লীগের কর্মীদের হামলায় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মাওলা ও যুবদল সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আহত হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।
তবে বিএনপির প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন জহিরুল হক। তিনি বলেন, প্রতিটি কেন্দ্রে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিয়েছেন। তিনি (বিএনপির প্রার্থী) নির্বাচনে পরাজিত হবেন বুঝতে পেরে দিনভর বিভিন্ন অভিযোগ করেছেন।
রিটার্নিং কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, দু-তিনটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে।