অনিয়মের অভিযোগ উপাচার্য অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগে অনিয়মের অভিযোগ এনে উপাচার্যকে সাড়ে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়। ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার একাংশ গতকাল সোমবার বেলা দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত উপাচার্যের ভবনের প্রধান ফটকে তালা দিয়ে সেখানে অবস্থান করে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, উপাচার্য আমিনুল হক ভূঁইয়া তাঁর কার্যালয়ে অবরুদ্ধ থাকার কারণে গতকাল বেলা আড়াইটার নির্ধারিত সিন্ডিকেট সভা বিলম্বিত হয়েছে। ছাত্রলীগের কর্মীরা ফটকের তালা খুলে দেওয়ার পর সন্ধ্যা সাড়ে ছয়টায় ওই সভা শুরু হয়।
ছাত্রলীগের কর্মীদের অভিযোগ, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক নিয়োগের ক্ষেত্রে বিভাগের মেধাতালিকায় প্রথম দিকে অবস্থানকারী প্রার্থীদের বাদ দিয়ে তুলনামূলক কম যোগ্যতাসম্পন্ন প্রার্থী এনামুল হককে প্রভাষক হিসেবে নিয়োগে জন্য গত জুলাইয়ের প্রথম সপ্তাহে সুপারিশ করা হয়েছে। ছাত্রদলের কর্মী হিসেবে এনামুল বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে ভাঙচুরের ঘটনায় জড়িত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ বোর্ডের বাছাইয়েও অনিয়ম হয়েছে।
ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সঞ্জীবন চক্রবর্তী প্রথম আলোকে বলেন, নিয়োগে অনিয়মের প্রতিবাদে ছাত্রলীগের কয়েকটি পক্ষের উদ্যোগে উপাচার্যকে অবরুদ্ধ করা হয়েছে। অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে বলে উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ওই কর্মসূচি পরে স্থগিত করা হয়।
এ ব্যাপারে উপাচার্যের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার তাঁর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। সিন্ডিকেটের ওই সভা গতকাল রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত অব্যাহত ছিল। এতে ওই বিতর্কিত নিয়োগের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।
পদার্থবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দে’র আহ্বায়ক কমিটি থেকে পদত্যাগ করেন অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান।