অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ আবুল কাশেম বলেছেন, কে কোথা থেকে কীভাবে এসেছেন—সেটা বড় কথা নয়, কাজের মাধ্যমে যোগ্যতা প্রমাণ করতে হবে। দুর্নীতি বা অনিয়মের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নেওয়ার এক দিন পর গতকাল রোববার দুপুরে মহানগর পুলিশ কমিশনারের সম্মেলন কক্ষে পরিদর্শক থেকে উচ্চ পদমর্যাদার কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময় সভায় আবুল কাশেম এ কথা বলেন। এতে অতিরিক্ত কমিশনার মো. আবদুল জলিল মণ্ডল, চারজন উপকমিশনার, বিভিন্ন জোনের সহকারী কমিশনার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পুলিশের দায়িত্বশীল পরিদর্শকেরা উপস্থিত ছিলেন।বৈঠক সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে বৈঠক শুরু হয়ে আড়াইটা পর্যন্ত চলে। সবার সঙ্গে পরিচিত হওয়ার পর তিনি বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে মাঠ পর্যায়ের সমস্যা সম্পর্কে জানতে চান। বৈঠকে নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, যুদ্ধাপরাধ নিয়ে রাজনীতি ও জঙ্গি নিয়ে আলোচনা হয়। বৈঠক সম্পর্কে নতুন কমিশনার প্রথম আলোকে বলেন, সভায় আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে। চট্টগ্রাম মহানগরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সবার আগে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। পুলিশ সূত্র জানায়, গত শনিবার দুপুরে আবুল কাশেম নতুন কমিশনার হিসেবে বিদায়ী কমিশনার মো. মনিরুজ্জামানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ছিলেন।