অনিয়মের অভিযোগ মহিউদ্দিনের ইসির প্রত্যাখ্যান
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পরাজিত মেয়র পদপ্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরী ওই নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন। তবে কমিশন এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।সূত্র জানায়, মহিউদ্দিন চৌধুরীর পক্ষে নাগরিক কমিটি গতকাল বুধবার নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচন পরিচালনায় কমিশন যথাযথ দায়িত্ব পালন করেনি। বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মন্জুর আলম বিদ্যুৎ চুরির মামলায় সাজাপ্রাপ্ত। অথচ কমিশন সাজাপ্রাপ্ত ব্যক্তিকে বৈধ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। মন্জুর আলম আচরণবিধি ভঙ্গ করে তাঁর বিরুদ্ধে প্রচারপত্র বিলি করলেও কমিশন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি। এ ছাড়া অনিয়মের ব্যাপারে কমিটি আরও কিছু অভিযোগ করেছে। মহিউদ্দিন নাগরিক কমিটির প্রার্থী হিসেবে নির্বাচন করেন। এসব অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন পরে সাংবাদিকদের বলেন, গেজেট প্রকাশের পর এ ধরনের অভিযোগ গ্রহণ করার আইনি কোনো সুযোগ নেই। এখন নির্বাচন-সংক্রান্ত যেকোনো বিরোধ নিষ্পত্তির জন্য পরাজিত প্রার্থীকে নির্বাচনী ট্রাইব্যুনালে যেতে হবে। তবে অভিযোগ অবশ্যই নির্বাচনের গেজেট প্রকাশের পরবর্তী ৩০ দিনের মধ্যে করতে হবে। উল্লেখ্য, ১৭ জুন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোট গ্রহণ হয় এবং ২১ জুন নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশিত হয়েছে।