ফরিদপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা গেছে। তবে কয়েকটি কেন্দ্রে ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থীর এজেন্টদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এ উপজেলায় ক্ষমতাসীন দল-সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের ভাই খন্দকার মোহতেসাম হোসেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী সাতটি কেন্দ্রে তাঁর এজেন্টদের বের করে দেওয়াসহ বিভিন্ন অভিযোগ তুলে সেগুলোতে আবার ভোট গ্রহণের দাবি জানিয়েছেন।
সরেজমিনে অন্তত ৩০টি কেন্দ্র ঘুরে ভোটারদের যথেষ্ট উপস্থিতি দেখা গেছে। অভিযোগ ওঠা কেন্দ্রগুলো ছাড়া বাকিগুলোতে অনিয়ম বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ক্ষমতাসীন দল-সমর্থিত প্রার্থী এগিয়ে ছিলেন।
সদর উপজেলায় ক্ষমতাসীন দল-সমর্থিত খন্দকার মোহতেসাম হোসেন ছাড়া অন্য চার প্রার্থী হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদক হাসিবুল হাসানের স্ত্রী ঝর্না হাসান, বিএনপির এ এইচ এম মাহবুবুল হাসান, জামায়াতে ইসলামীর আবদুত তাওয়াব ও স্বতন্ত্র প্রার্থী গোলাম দস্তগীর খান।
মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের নিজ এলাকা কৈজুরি ইউনিয়নের মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দিনভর অনিয়মের অভিযোগ ওঠে। সকাল পৌনে ১০টায় বিএনপি-সমর্থিত প্রার্থী ওই কেন্দ্রে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর নির্বাচনী এজেন্টদের বের করে দিয়ে ক্ষমতাসীন দলের প্রার্থীর পক্ষে প্রকাশ্যে ভোট দেওয়া হচ্ছে। কিছুক্ষণ পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঝর্না হাসান এসে অভিযোগ করেন, ভয়ভীতি দেখানোর কারণে তাঁর এজেন্টরা কেন্দ্রেই আসতে পারছেন না। ফরিদপুর শহর থেকে মুরারিদহ বিদ্যালয়ে দুজন এজেন্ট নিয়ে এলে তাঁদেরও বের করে দেওয়া হয়। তবে প্রিসাইডিং কর্মকর্তা সৈয়দ রিয়াদুল ইসলাম এ অভিযোগের সত্যতা নাকচ করে দেন। ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থীর প্রধান নির্বাচন এজেন্টও এসব অভিযোগ অস্বীকার করেছেন।
১০টার দিকে মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঢুকে দেখা যায়, ৫ নম্বর ভোট কক্ষে ক্ষমতাসীন দল-সমর্থিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থী ছাড়া আর কারও এজেন্ট নেই। কয়েকজন ভোটার সিল দেওয়ার পর ব্যালট পেপার আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টদের কাছে দিচ্ছেন। সেটি খুলে দেখে এজেন্টরাই বাক্সে ফেলছেন।
ভোট গ্রহণ চলাকালে বিএনপি-সমর্থিত প্রার্থী রিটার্নিং কর্মকর্তার কাছে মুরারিদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মঙ্গলকোর্ট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সাতটি কেন্দ্রে অনিয়মের অভিযোগ তুলে সেগুলোতে আবার ভোট গ্রহণের দাবি জানান।
জামায়াত-সমর্থিত প্রার্থী আবদুত তাওয়াব সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, কৈজুরি ইউনিয়নের লসকরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অসংখ্য বহিরাগত ছিল।
সার্বিক বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘দু-একটি কেন্দ্র সম্পর্কে যখনই অভিযোগ পেয়েছি, তখনই আইনশৃঙ্খলা বাহিনীকে পাঠানো হয়েছে। আর বিএনপির প্রার্থীর পক্ষে যে সাতটি কেন্দ্র সম্পর্কে অভিযোগ করা হয়েছে, সেগুলো তদন্ত করে দেখার জন্য তাৎক্ষণিকভাবে সদর উপজেলার দায়িত্বরত সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বলা হয়েছে।’
ফরিদপুরে গতকাল আলফাডাঙ্গা, মধুখালী, চরভদ্রাসন, সদরপুর ও ভাঙ্গা উপজেলা পরিষদেরও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
কেন্দ্রে এসে মৃত্যু: ভাঙ্গার নাসিরাবাদ ইউনিয়নের জয়নাল আবেদীন নিম্ন মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে এসে মোহামঞ্চদ শাহজাহান মিয়া নামের এক ব্যক্তি হূদেরাগে আক্রান্ত হয়ে মারা যান বলে ভাঙ্গা থানার ওসি দাদন ফকির জানান।