অনিয়মের অভিযোগে অধ্যক্ষ বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর্থিক অনিয়মসহ বিভিন্ন অভিযোগে দিনাজপুর সদর উপজেলার রানীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুস্তম আলীকে ২১ ডিসেম্বর চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপাশ বসাক জানান, মো. রুস্তম আলী এইচএসসি পাস করার পর ১৯৮৪ সালে রানীগঞ্জ এহিয়া হোসেন হাইস্কুলে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। কিন্তু ১৯৯৮ সালে তিনি নিয়মিত ছাত্র হিসেবে দিনাজপুর আদর্শ কলেজ থেকে স্নাতক পাসের সনদ অর্জন করেন। ১৯৯৯ সালে স্কুলে কলেজ শাখা চালু হয়। ওই সময় প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন রুস্তম আলীর শ্বশুর মো. শামসুদ্দিন আহমেদ। শ্বশুরের সহায়তায় ১২ বছরের অভিজ্ঞতা ছাড়াই ওই সনদ দিয়ে ১৯৯৯ সালে তিনি কলেজের অধ্যক্ষ হিসেবে নিজেই নিজেকে নিয়োগ দেন।কলেজ পরিচালনা পরিষদের সদস্য মো. ওবাইদুর রহমান জানান, রুস্তম আলী কলেজের ৬ দশমিক ৮৪ একর জমি নৈশ্যপ্রহরী আবদুস সাত্তারের সহায়তায় ১৯৯৯ সাল থেকে নিজে ভোগ করে আসছেন। শিক্ষাপ্রতিষ্ঠানটির নামে পরিচালিত ১০টি দোকানঘরের ভাড়া তুলে নিজে আত্মসাৎ করেন। এ ছাড়া ব্যাংক ও ডাকঘর সঞ্চয় হিসেবে রাখা কলেজের টাকাও আত্মসাৎ করেন।কলেজের বর্তমান সভাপতি দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুর রহমান জানান, তিনি শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি নিয়মকানুন মেনে পরিচালিত করতে গেলে অধ্যক্ষ রুস্তম আলী অসহযোগিতা শুরু করেন। অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম-দুর্নীতির প্রতিবাদ করে এলাকার কয়েক হাজার মানুষ ২১ ডিসেম্বর কলেজ ঘেরাও করেন। তাঁরা অবিলম্বে অধ্যক্ষের বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিপাশ বসাক বলেন, এলাকাবাসীর দাবির মুখে রুস্তম আলীর অনিয়ম ও দুর্নীতি তদন্তের জন্য দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. ছফর আলীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ছাড়া ওই দিনই কলেজ পরিচালনা পরিষদ জরুরি সভা ডেকে অধ্যক্ষ রুস্তম আলীকে সাময়িকভাবে বরখাস্ত করে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ দায়ের করা হয়েছে। অধ্যক্ষ মো. রুস্তম আলী বলেন, ‘আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ অসত্য। তদন্ত কমিটির কাছে সবকিছুর ব্যাখ্যা দেব। ১৯৯৮ সালে নয়, ১৯৮৪ সালে তৎকালীন কলেজ পরিচালনা পরিষদের অনুমতি নিয়েই স্নাতক পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করি। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত ছাত্র হিসেবে ইসলামের ইতিহাস বিভাগ থেকে এম এ পাস করি।’