অনিয়মের অভিযোগে ছয় কর্মকর্তা সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩৫ কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ছয় কর্মকর্তাকে। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপকের (জিএম) কার্যালয় সূত্রে জানা গেছে, পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তা খতিয়ে দেখতে মাঠপর্যায়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়। তদন্তে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সত্যতা পাওয়ার পর ৩৫ কর্মকর্তা-কর্মচারীকে অন্যত্র বদলি করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে ছয় কর্মকর্তাকে। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, পল্লী বিদ্যুৎ সমিতির প্রধান কার্যালয়ের এক আদেশে গত বৃহস্পতিবার ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর চারজন সহকারী মহাব্যবস্থাপক (এজিএম), পাঁচজন কনিষ্ঠ প্রকৌশলী, ১৪ জন পরিদর্শক ও ১২ জন লাইনম্যানকে অন্যত্র বদলি করা হয়েছে। আর দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়ায় মাস খানেক আগে সাময়িক বরখাস্ত করা হয়েছে একই সমিতির দুই জন উপমহাব্যবস্থাপক (ডিজিএম) ও দুজন সহকারী মহাব্যবস্থাপকসহ (এজিএম) ছয় কর্মকর্তাকে। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আমিনবাজার অঞ্চলের ডিজিএম শাহ আলম, আশুলিয়া অঞ্চলের ডিজিএম আনোয়ার হোসেন ভূঁইয়া, সমিতির সদর দপ্তরের এজিএম আবুল কালাম আজাদ, নাঈমুল হাসান, পাওয়ার হাউস কো-অর্ডিনেটর রুহুল আমিন ও পরিদর্শক তরিকুল ইসলাম। সমিতির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০ সালের নভেম্বর থেকে চলতি মাস পর্যন্ত ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাভুক্ত এলাকা সাভার, ধামরাই, কালিয়াকৈর ও কেরানীগঞ্জে ৭০ হাজার নতুন সংযোগ দেওয়া হয়েছে। এই হিসাব অনুযায়ী প্রতি মাসে অন্তত চার হাজার নতুন সংযোগ দেওয়া হয়েছে। এসব সংযোগ দেওয়ার ক্ষেত্রে বৈধ সংযোগ-ফি ছাড়াও ব্যাপক আর্থিক লেনদেন হওয়ার অভিযোগ রয়েছে। ইতিমধ্যে যাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে, তাঁদের বিরুদ্ধেও এসব সংযোগ দেওয়ার ক্ষেত্রে অনৈতিকভাবে আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগ রয়েছে। তবে ডিজিএম শাহ আলম, পাওয়ার হাউস কো-অর্ডিনেটর রুহুল আমিন ও পরিদর্শক অ্যাড উইন কমল বিশ্বাসসহ আরও অনেকে দাবি করেছেন তাঁরা নির্দোষ। ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জিএম গোলাম মর্তুজা বলেন, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ার কারণেই অপরাধ অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা চলমান প্রক্রিয়ার অংশ। গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য পর্যায়ক্রমে আরও ব্যবস্থা নেওয়া হবে।