অনিয়মের অভিযোগে প্রধান প্রকৌশলী ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী আবদুর রহিমকে ওএসডি (অফিসার অন স্পেশাল ডিউটি) করা হয়েছে। একই সঙ্গে অনিয়ম তদন্তে পাঁচ সদস্যদের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। গত বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সিন্ডিকেট সূত্রে জানা যায়, সাবেক উপাচার্য আবদুস সোবহানের আমলে উপাচার্যের বাসভবনের বিভিন্ন সংস্কারকাজের জন্য ২১ লাখ ৪৭ হাজার টাকার খরচ দেখানো হয়েছে। অথচ ওই টাকা খরচের জন্য বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির অনুমোদন নেওয়া হয়নি। এ ছাড়া দরপত্র-প্রক্রিয়ায় পূর্ণাঙ্গ নীতিমালা অনুসরণ করা হয়নি। বর্তমান প্রশাসন দায়িত্ব গ্রহণের পর বিষয়টি নজরে আসে। এসব অভিযোগ তদন্তের জন্য ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক মুশফিক আহমদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সদস্য আবদুল আলীম বলেন, ‘প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ তদন্ত করতে গেলে তাঁকে স্বপদে রেখে স্বচ্ছভাবে করা সম্ভব নয়। এ জন্য সিন্ডিকেটে সর্বসম্মতিক্রমে তাঁকে ওএসডি করা হয়।’