অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষক সাময়িক বরখাস্ত
অনিয়ম ও নানা অভিযোগে সাতক্ষীরা প্রাণনাথ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক এম এ মাজেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সোমবার বিদ্যালয়ের ব্যবস্থাপনা পর্ষদের সভাপতি ও সাংসদ এম এ জব্বার স্বাক্ষরিত এক চিঠিতে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। পর্ষদের সদস্য মো. মঈন-উর রশিদ, মাহফুজা খানম ও শেখ আলাউদ্দিন জানান, সাময়িক বরখাস্ত করা প্রধান শিক্ষক এম এ মাজেদ ২০০৪ সালের ৩০ মে এ প্রতিষ্ঠানে যোগ দেন। সে সময় তিনি প্রয়োজনীয় অভিজ্ঞতা ও পরীক্ষায় পাসের মূল সনদপত্র পরে জমা দেওয়ার কথা বলে আর জমা দেননি। বিভিন্ন সময় প্রতিষ্ঠানের আর্থিক তছরুপ করার অভিযোগ ওঠে। আয়-ব্যয়ের হিসাব চাওয়া সত্ত্বেও তিনি তা দেননি। প্রধান শিক্ষকের নিয়োগ অবৈধ ঘোষণা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। ৮ মে তিনি জবাব দেন। পরে ব্যবস্থাপনা পর্ষদ ১২ মে এক সভায় প্রধান শিক্ষকের জবাব সন্তোষজনক ও যথাযথ হয়নি উল্লেখ করে তাঁকে সাময়িক বরাখাস্ত করার সিদ্ধান্ত নেয়। ১৪ মে সোমবার এক পত্রে সাময়িক বরখাস্ত করা হয়। এম এ মাজেদ মুঠোফোনে প্রথম আলোকে জানান, তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়। কিন্তু পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন। আদালত মঙ্গলবার তাঁর বরখাস্তের বিরুদ্ধে অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছেন এবং তাঁর বিরুদ্ধে পর্ষদের সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। পর্ষদের সদস্য আবদুল আলিম বলেন, এম এ মাজেদ আদালতের আদেশের ভুল ব্যাখ্যা দিচ্ছেন। আদালত কারণ দর্শানো সংক্রান্ত নোটিশের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন। কিন্তু তাঁর সাময়িক বরখাস্ত সংক্রান্ত বিষয়ে কোনো নির্দেশনা দেননি।