অনিয়মের অভিযোগে বিদ্যালয়ের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়মের অভিযোগে বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রের নির্মাণকাজ বন্ধ করে দেওয়ায় বরগুনা সদর উপজেলার বান্দরগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২০০ শিক্ষার্থীর পাঠদান ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের পুরোনো ভবনটির ছাদ ধসে পড়ার পর দেড় বছর ধরে একটি ছাপরাঘরে গাদাগাদি করে একসঙ্গে তিনটি শ্রেণীর পাঠদান চলছে।বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি হারুন অর রশিদ মোল্লা বলেন, ‘ভবনটির ভিত্তিপ্রস্তর নির্মাণে অনিয়মের বিষয়টি দাতা সংস্থার প্রতিনিধিরা সরেজমিনে প্রমাণ পাওয়ায় তারা পুনরায় এই কাজ আদৌ শুরু করার অনুমোদন দেবে কি না, এ নিয়ে আমরা সংশয়ে আছি।’বিদ্যালয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের প্রত্যন্ত বান্দরগাছিয়া গ্রামে ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত বান্দরগাছিয়া প্রাথমিক বিদ্যালয়ে ১৯৯৫ সালে এলজিইডি কর্তৃপক্ষ চার কক্ষের একটি একতলা ভবন নির্মাণ করে। ২০১১ সালের ১১ সেপ্টেম্বর ভবনটির ছাদ ধসে পড়ে। এরপর ভবনটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হলে বিদ্যালয়ের মাঠে ও বর্ষা মৌসুমে আশপাশের বাড়িতে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলে। অভিভাবকদের কাছ থেকে চাঁদা তুলে গত বছরের আগস্টে বিদ্যালয়ের মাঠের এক কোণে একচালা একটি ছাপরাঘর তুলে সেখানে এখন পাঠদান চলছে। সূত্র জানায়, বিদ্যালয়ের ভবন সংকট নিরসনের জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এলজিইডি ২০১১-১২ অর্থবছরে (ইসিআরআরপি) প্রকল্পের আওতায় প্রায় দুই কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে এখানে একটি বিদ্যালয় ভবন ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের প্রকল্প নেয়। গত বছরের অক্টোবরে নির্মাণকাজ শুরু হয়। এরপর এই কাজের ঠিকাদারের বিরুদ্ধে প্রাক্কলন অনুযায়ী ও ভিত্তির নিচের মাটিতে আরসিসি পাইলিং না করা এবং নিন্মমানের কাজ করানোর অভিযোগ ওঠে। দাতা সংস্থার প্রতিনিধিরা সরেজমিনে তদন্ত করে এসব অভিযোগের সত্যতা পান এবং ডিসেম্বরের প্রথম দিকে কাজ স্থগিত করেন।এলজিইডির বরগুনা কার্যালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, ভবনটির ভিত্তি নির্মাণের আগে মাটির নিচে ৫৮ ফুট গভীর আরসিসি ঢালাই দিয়ে ৬০টি খুঁটি (পাইল) স্থাপনের শর্ত রয়েছে। কিন্তু ইতিমধ্যে যেসব পাইল স্থাপন করা হয়েছে, সেগুলোর গভীরতা ৩৫-৪০ ফুট। ফলে কাজ স্থগিত করা হয়েছে।সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, অপরিসর ও স্বল্প আলোর এই ছাপরাঘরে একসঙ্গে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের একসঙ্গে বসিয়ে পাঠদান করছেন চারজন শিক্ষক। মাঝে কোনো বেড়া না থাকায় শিক্ষার্থীরা পাঠে মনোনিবেশ করতে পারছে না।প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, ‘শিক্ষকদের বসার মতো কোনো জায়গা নেই। সকাল থেকে বিকেল চারটা পর্যন্ত চারজন শিক্ষককে দাঁড়িয়ে থাকতে হয়। ভবন নির্মাণের কাজ শুরু হওয়ার পর আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল। এখন গভীর অনিশ্চয়তায় ভুগছি আমরা।’ ঠিকাদার বাবুল মিয়া অনিয়মের কারণে কাজ বন্ধ থাকার বিষয়টি অস্বীকার করে বলেন, নকশায় সমস্যা হওয়ায় কাজ বন্ধ রাখা হয়েছে। নতুন করে নকশা প্রণয়ন করা হচ্ছে। নকশা পেলে কাজ শুরু করা হবে।এলজিইডির বরগুনার নির্বাহী প্রকৌশলী এএসএম সাহেদুর রহিম ভবনটির নির্মাণকাজ বন্ধ হওয়ার বিষয়ে সুনির্দিষ্ট কারণ উল্লেখ না করে বলেন, কিছু সমস্যার কারণে কাজটি বন্ধ রয়েছে। এখন নতুন করে নকশা প্রণয়ন করা হবে এবং সেই নকশা অনুযায়ী কাজ করা হবে।