অনিয়মের অভিযোগে মাগুরায় শিক্ষার্থীদের বিক্ষোভ
ভর্তি ফিসহ বিভিন্ন খাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়সহ নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগে গতকাল রোববার দুপুরে মাগুরা আদর্শ ডিগ্রি কলেজের প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাসিক বেতন, সেমিনার ফি, গ্রন্থাগার ফি, ক্রীড়া ফিসহ অন্তত ২৬টি খাতে কলেজ কর্তৃপক্ষ প্রতিবছর অযৌক্তিভাবে সাধারণ ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি টাকা আদায় করছেন। এমনকি বিভিন্ন খাতে যে ফি আদায় করা হচ্ছে তা-ও সঠিকভাবে ব্যয় করা হচ্ছে না। স্নাতক (সম্মান) প্রথম বর্ষের এক শিক্ষার্থী অভিযোগ করেন, ভর্তির সময় তাঁদের কাছ থেকে গ্রন্থাগার ফি বাবদ তিন হাজার টাকা করে নেওয়া হয়েছে। কিন্তু কলেজের গ্রন্থাগারে সুযোগ-সুবিধা বলে কিছু নেই। এ ছাড়া শিক্ষাসফর খাতে টাকা নেওয়া হলেও কোথাও শিক্ষা সফরে নেওয়া হয়নি। শিক্ষার্থী আমিরুল ইসলাম ও সাজ্জাদ কবির অভিযোগ করেন, কয়েক বছর হলো কলেজে কোনো ক্রীড়া বা সংস্কৃতিক অনুষ্ঠান হয় না। অথচ ওই খাতে ঠিকই টাকা আদায় করা হয়। শিক্ষার্থীদের পরিচয়পত্রের জন্য প্রত্যেকের কাছ থেকে ১৫০ টাকা করে নেওয়া হয়েছে। অথচ চার-পাঁচ টাকা খরচ করে সাধারণ কাগজে প্রিন্ট করে লেমিনেটিং করা একটি পরিচয়পত্র দেওয়া হয়েছে। জানতে চাইলে কলেজের অধ্যক্ষ সূর্যকান্ত বিশ্বাস বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়মেই রসিদের মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। তবে তিনি শিক্ষার্থীদের পরিচয়পত্র তৈরির জন্য ১৫০ টাকা নেওয়াকে অফিশিয়াল ভুল হিসেবে স্বীকার করেছেন।