অনিয়মের অভিযোগে শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত
গোপালগঞ্জ সদর উপজেলার ভেন্নাবাড়ী সম্মিলিত উচ্চবিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে। এলাকাবাসী মেধার ভিত্তিতে যোগ্য শিক্ষক নিয়োগের দাবিতে এলাকায় পোস্টারিং ও লিফলেট বিতরণ এবং জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন। জেলা প্রশাসন নিয়োগ পরীক্ষা স্থগিত করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার ওই বিদ্যালয়ের বাংলা ও সমাজবিজ্ঞানের শিক্ষক ও গ্রন্থাগারিক পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু ব্যবস্থাপনা কমিটি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে এলাকাবাসী ঘুষ বাণিজ্য ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে জেলা প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হয়। গত বৃহস্পতিবার এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসক এ নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক অরবিন্দু বাগচী বলেন, ‘ব্যবস্থাপনা কমিটি যাঁদের নিয়োগ দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, তাঁদের শিক্ষকতা করার কোনো যোগ্যতা আছে বলে আমার মনে হয় না।’ কল্লোল বিশ্বাস নামের একজন প্রার্থী জানান, তাঁর কাছ থেকে ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিজয় গাইন, সদস্য অজিত বালা, সমীর বাগচী ও সুধাংশু বর তিন লাখ টাকা ঘুষ দাবি করেন। তিনি বিদ্যালয়ের উন্নয়ন ফান্ডে ওই টাকা দিতে রাজি হওয়ায় অগ্রিম ৫০ হাজার টাকা নেওয়া হয়। কিন্তু টাকা উন্নয়ন ফান্ডের পরিবর্তে নিজেদের হাতে গোপনে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে তিনি ৫০ হাজার টাকা ফেরত নেন।এ ব্যাপারে ব্যবস্থাপনা কমিটির সভাপতি বিজয় গাইন বলেন, ‘আমরা চাই যোগ্য শিক্ষকদের নিয়োগ দিতে। ঘুষের বিনিময়ে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এলাকাবাসীর অভিযোগ সত্য নয়।’ কমিটির অপর সদস্য অজিত বালা বলেন, ‘আমি কমিটির অন্য সদস্যদের কথা বলতে পারব না, তবে আমি চাই সুষ্ঠুভাবে যোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হোক।’ কমিটির অপর সদস্য সমীর বাগচী বলেন, প্রার্থীদের কাছ থেকে যে টাকা নেওয়ার কথা হয়েছে তা বিদ্যালয়ের উন্নয়নের জন্য। যাঁরা এই টাকা দিতে পারবে শুধু তাদেরকেই নিয়োগ দেওয়া সম্ভব হবে। তা ছাড়া কমিটির কথা যাঁরা মানতে রাজি নয়, তাঁদের টাকা ফেরত দেওয়া হয়েছে।