অনিয়মের অভিযোগে ১২০ কর্মচারীর নিয়োগ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগে অনিয়মের অভিযোগে ১২০ জন কর্মচারীর নিয়োগ স্থগিত করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঢাকা থেকে তদন্ত কমিটির সদস্যরা গতকাল মঙ্গলবার সুনামগঞ্জে আসার কথা থাকলেও আসেননি।সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ১৬৭ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছে। এর মধ্যে শুধু মৌখিক পরীক্ষা নেওয়ার পর গত ২৮ জুন ১২০ জনের নামে নিয়োগপত্র পাঠানো হয়। এরপর অনিয়মের অভিযোগ এনে নিয়োগ বাতিলের দাবিতে সিভিল সার্জন কার্যালয় ভাঙচুর ও শহরে মিছিল হয়। এর পরিপ্রেক্ষিতে গত ৫ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয় এক পত্রের মাধ্যমে নিয়োগ-প্রক্রিয়া স্থগিত করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি ১৫ দিনের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার কথা।তদন্ত কমিটি আসবে জেনে গতকাল মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে সুনামগঞ্জ সার্কিট হাউসের বারান্দায় অপেক্ষা করছিলেন সদর উপজেলার জালালপুর গ্রামের দিনমজুর আজিজুর রহমান। তিনি অভিযোগ করেন, স্ত্রীর চাকরির জন্য সিভিল সার্জন কার্যালয়ের অফিস সহকারী আবদুল খালিকের সঙ্গে তিনি এক লাখ ২০ হাজার টাকার চুক্তি করেছিলেন। খালিকের বাসায় বসে তাঁকে ৯৫ হাজার টাকাও দিয়েছিলেন। কিন্তু তাঁর স্ত্রীর চাকরি হয়নি। আজিজুর রহমান দাবি করেন, তাঁর স্ত্রীর দরখাস্তটি খালিকের বাসায় বসে তাঁর মেয়েই লিখে দিয়েছেন। পরে টাকা ফেরত চাইলে খালিক টাকা দিতে অস্বীকার করেন। উল্টো কাউকে এসব না জানাতে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমার বসতভিটা বন্ধক রেখে ৯৫ হাজার টাকা এনে দিয়েছিলাম। আমি শেষ হয়ে গেছি। এখন তদন্ত কমিটির কাছে এসেছি যদি কোনো ফল হয়।’নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, বাসার কাজের ছেলে রকিবকে সুইপার পদে চাকরি পাইয়ে দিয়েছেন আবদুল খালিক। রকিবের আবেদনটি লিখে দিয়েছেন খালিকের মেয়ে। আবদুল খালিক বলেন, ‘আমি কারও কাছ থেকে টাকা নিইনি। চাকরি যারা পায়নি তারা এখন নানা কথা বলছে।’ রকিবের সঙ্গে পরিচয় আছে স্বীকার করে তিনি বলেন, ‘আমার মেয়ে কারও দরখাস্ত লিখে দেয়নি। তবে এ রকম আবেদনপত্র অনেকেই অন্যকে দিয়ে লেখায়।’সিভিল সার্জন হারিস উদ্দিন জানান, আবদুল খালিক অভিজ্ঞ লোক। তাই সব কাজ তাঁকে দিয়েই তিনি করান। এ জন্য তাঁর ওপর বদনাম বেশি। হারিস উদ্দিন বলেন, যেকোনো বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যাচাই করতে পারে। নিয়োগে কোনো অনিয়ম হয়নি।