নানা অনিয়মের অভিযোগে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় ১০টি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ হাজার ৬৪৮টি কার্ড বাতিল করেছে যাচাই-বাছাই কমিটি। গত ২৭ ফেব্রুয়ারি উপজেলা যাচাই-বাছাই কমিটি সভা করে এই সংশোধিত তালিকা অনুমোদন দেয়।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সরকার খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় গত বছরের ১৬ সেপ্টেম্বর থেকে এখানকার ১০টি ইউনিয়নের ৮ হাজার ৯২ জন হতদরিদ্র ব্যক্তির প্রত্যেককে ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে চাল বিতরণ কার্যক্রম শুরু করে। চলে নভেম্বর মাস পর্যন্ত।
ধরমপাশা সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সেলিম আহম্মেদ বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির তালিকায় সচ্ছল ব্যক্তি ও একই পরিবারের একাধিক ব্যক্তি এবং মৃত ব্যক্তির নামও অন্তর্ভুক্ত ছিল। তাই ইউনিয়ন তালিকা প্রণয়ন কমিটিকে নিয়ে সভা করে তা সংশোধিত তালিকা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে দেড় মাস আগে জমা দেওয়া হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও তালিকা যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব মো. মোস্তাক আহমেদ বলেন, এটি হাওরবেষ্টিত উপজেলা। উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও খাদ্য বিভাগের লোকজন সংশোধিত তালিকা যাচাই-বাছাইয়ের কাজ করায় সংশোধিত তালিকা অনুমোদনে কিছুটা বিলম্ব হয়েছে। চলতি মার্চ ও আগামী এপ্রিল মাসে সংশোধিত নতুন তালিকা অনুযায়ী সুবিধাভোগীরা এই চাল পাবেন। এ ছাড়া নানা অনিয়মের অভিযোগে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ডিলার শাফিকুল ইসলাম ও গোবিন্দ রায়ের ডিলারশিপ বাতিল করে এই ইউনিয়নে আলাল উদ্দিন ও জহুর উদ্দিন নামের দুজনকে ডিলারশিপ নিয়োগ দেওয়া হয়েছে।