অনিয়মের কারণে ১১টি গভীর নলকূপের বরাদ্দ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাইয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) ১১টি গভীর নলকূপ গোপনে বরাদ্দের ঘটনা ফাঁস হয়েছে। উপজেলা সেচ কমিটির দুই কর্মকর্তা জালিয়াতির মাধ্যমে কথিত কৃষকদের নামে গোপনে নলকূপ বরাদ্দ দিয়ে কর্মস্থল ছেড়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বিনিময়ে তাঁরা মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন।বিএমডিএ সূত্র জানায়, কৃষকদের সঙ্গে অংশীদারির ভিত্তিতে গভীর নলকূপ স্থাপনের জন্য ২০১০-১১ অর্থবছরে কালাই উপজেলায় ১০টি গভীর নলকূপের বরাদ্দ আসে। এসব নলকূপ স্থাপনের জন্য আবেদনকারী কৃষকদের মধ্য থেকে অগ্রাধিকার তালিকা তৈরি করতে উপজেলা সেচ কমিটিকে অনুরোধ জানায় বিএমডিএ। কিন্তু তালিকা তৈরির নামে উপজেলা সেচ কমিটির আহ্বায়ক ও তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুর রহিম এবং সদস্য সচিব ও বিএডিসির সাবেক উচ্চতর উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন দুর্নীতি করেন। ওই দুই কর্মকর্তা দালালদের মাধ্যমে হাতিয়ে নেন মোটা অঙ্কের অর্থ। এরপর গত বছরের ২৭ জুন সেচ কমিটির তালিকা থেকে বিএমডিএ গভীর নলকূপ স্থাপন শুরু করে।ওই তালিকা জমা দেওয়ার পরই ইউএনও আবদুর রহিম বদলির আদেশ আসে। আমজাদ হোসেনের অবসর সময় আসন্ন হয়। বদলি ও অবসরের সুযোগে ওই দুই কর্মকর্তা কৃষক নন, এমন ১১ জন ব্যক্তির নামে একটি করে নলকূপ বরাদ্দ দেন। ৮ সেপ্টেম্বর ইউএনও ঢাকায় বদলি ও ২৯ সেপ্টেম্বর প্রকৌশলী আমজাদ হোসেন অবসরে যান। পরে বিএমডিএ কয়েকজনের কাছ থেকে অংশীদারি ফি জমা নিলে বিষয়টি জানাজানি হয়। এরপর ২৭ ডিসেম্বর উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটি এবং ২ জানুয়ারি সেচ কমিটির সভায় ওই তালিকা বাতিল করা হয়।সাঁতার গ্রামের কৃষক আবদুল মান্নান বলেন, ‘দু্ই বছর আগে গভীর নলকূপের জন্য আবেদন করেছিলাম। সেচ কমিটির এক কর্মকর্তা দালালের মাধ্যমে এক লাখ টাকা ঘুষ চেয়েছিলেন। টাকা না দেওয়ায় আমাকে বরাদ্দ না দিয়ে একই স্কিমে অন্য একজনকে বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ বিএমডিএ কার্যালয়ে তাঁর আবেদনই নেই।’বিএমডিএর কালাই জোনের সহকারী প্রকৌশলী মোশাব আলী বলেন, একটি গভীর নলকূপ স্থাপনে বিএমডিএর খরচ হয় প্রায় ১৫ লাখ টাকা। ১১টি গভীর নলকূপ স্থাপনে ব্যয় হবে এক কোটি ৬৫ লাখ টাকা। অথচ ওই তালিকা সম্পর্কে তিনি কিছুই জানেন না। ১১ জনের নামে বরাদ্দ দেওয়া হলেও মাত্র দুজনের আবেদন অফিসে জমা রয়েছে।কালাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মিনফুজুর রহমান বলেন, গোপন ওই তালিকা সম্পর্কে সেচ কমিটির কোনো সদস্যই অবগত নন। কমিটির সাবেক দুই কর্মকর্তা কর্মস্থল ছাড়ার আগে রেজুলেশন জালিয়াতি করে গোপনে ওই তালিকা বিএমডিএকে ধরিয়ে দিয়েছেন। বিএমডিএর জয়পুরহাটের নির্বাহী প্রকৌশলী হারুনুর রশীদ বলেন, অবৈধ লেনদেনের সঙ্গে বিএমডিএর কেউ জড়িত নয়। অংশীদারির ফি জমা নেওয়া হলেও তালিকা বাতিল হলে সংশ্লিষ্টদের কাছে ওই টাকা ফেরত দেওয়া হবে।সাবেক ইউএনও আবদুর রহিম উচ্চতর প্রশিক্ষণে বিদেশে অবস্থান করায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তবে বর্তমান ইউএনও (ভারপ্রাপ্ত) মোহা. খালিদ হোসেন বলেন, ওই তালিকা নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ায় সেচ কমিটির সভায় সর্বসম্মতিক্রমে তা বাতিল করা হয়েছে। প্রকৌশলী আমজাদ হোসেন অর্থ লেনেদেনের কথা অস্বীকার করে বলেন, ‘যা করা হয়েছে সবকিছুই রেজুলেশনে উল্লেখ আছে; এর বেশি কিছু বলতে পারব না।’