অনিয়মের খবর প্রকাশ করায় দলিল লেখকদের বিক্ষোভ
জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় দলিল লেখকেরা সাংবাদিকদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ করেছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর গতকাল রোববার একটি স্মারকলিপি দিয়েছেন। জমির দলিল সম্পাদন নিয়ে দলিল লেখকদের বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করায় তাঁরা এ উদ্যোগ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, দলিল লেখকেরা প্রথম আলোসহ ছয়টি দৈনিকের স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন হুমকি-ধমকি দিচ্ছেন। এতে পরিবার-পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাংবাদিকেরা। তাঁরা এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গেলে পুলিশ তা নিতে অস্বীকৃতি জানায়।মাদারগঞ্জ উপজেলা সাব-রেজিস্ট্রারের যোগসাজশে স্থানীয় দলিল লেখকেরা দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম করে আসছেন। এর মধ্যে রয়েছে দলিল সম্পাদনের পর দাগ নম্বর জালিয়াতির মাধ্যমে দলিল করে দেওয়া, ভুয়া পর্চা তৈরি, প্রকৃত দলিল ঘষামাজা করে জমি রেজিস্ট্রির নির্ধারিত ফির চেয়ে দ্বিগুণেরও বেশি ফি নেওয়া, জালিয়াতির মাধ্যমে একজনের জমি অন্যজনকে লিখে দেওয়া, ক্রেতার কাছ থেকে অবৈধভাবে টাকা আদায়ের জন্য দলিলে বেশি জমি লিখে দেওয়া প্রভৃতি। এ ব্যাপারে গত ২৪ এপ্রিল প্রথম আলোয় ‘লেখকেরা করছেন জাল দলিল’ শীর্ষক সংবাদ প্রকাশের পর থেকেই দলিল লেখকেরা সাংবাদিকদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করছেন।উপজেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনের নেতৃত্বে গত শনিবার সকালে উপজেলার আদারভিটা ইউনিয়নের কয়ড়া পাটাদহ উচ্চবিদ্যালয় মাঠে এক সমাবেশ হয়। সমাবেশে প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর, আমার দেশসহ কয়েকটি পত্রিকার স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে অশালীন স্লোগান দেওয়া হয়। পরে শতাধিক মোটরসাইকেল নিয়ে দলিল লেখকেরা মহড়া দেন।দৈনিক যুগান্তর-এর স্থানীয় প্রতিনিধি মির্জা হুমায়ুন কবীর বলেন, ‘দলিল লেখকদের অধিকাংশই ক্ষমতাসীন রাজনৈতিক দলের সদস্য। বিভিন্ন অনিয়মের মাধ্যমে তাঁরা সাধারণ মানুষকে ঠকিয়ে সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে অবৈধভাবে অর্থ উপার্জন করেন। এ ধরনের জালিয়াতির কারণে দলিল সম্পাদনের ক্ষেত্রেও বিপুল অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার। দলিল লেখকদের অবৈধ কর্মকাণ্ডের সংবাদ প্রকাশ করায় তাঁরা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।’এ ব্যাপারে স্থানীয় ছয়জন সাংবাদিক গত বৃহস্পতিবার দুপুরে মাদারগঞ্জ থানায় জিডি করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জিডি নেননি। তিনি বলেন, ‘জিডি নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না, তা বলতে পারব না। জিডি নিতে হলে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যানের অনুমতি লাগবে।’এ প্রসঙ্গে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ওসি ঠিক বলেননি। জিডি নেওয়া তাঁর দায়িত্ব।’ স্মারকলিপি প্রসঙ্গে ইউএনও মো. শওকত আলী মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি ছুটিতে আছি। অফিসে গিয়ে বিষয়টি দেখব।’