অনিয়মের জালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
বিজ্ঞাপন ছাড়াই কর্মকর্তা-কর্মচারী নিয়োগের বিষয়টি নিয়মে পরিণত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষক নিয়োগে দলীয়করণ ছাড়াও দুর্নীতির অনেক অভিযোগ শিক্ষক-কর্মকর্তাদের মুখে মুখে। বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগে মাত্রাতিরিক্ত শিক্ষক নিয়োগ, কিছু বিভাগে প্রয়োজনের তুলনায় কম শিক্ষক থাকায় একধরনের ভারসাম্যহীন অবস্থা তৈরি হয়েছে।
এ পরিস্থিতি তৈরির জন্য অধিকাংশ শিক্ষক উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফের ভূমিকাকে দায়ী করেন। উপাচার্যের আর্থিক ও প্রশাসনিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন উঠেছে। বিশ্ববিদ্যালয়ের টাকায় তিনি কৌশলে তিনটি বাড়ির সুবিধা ভোগ করছেন। ব্যবহার করছেন একাধিক গাড়ি।
বিজ্ঞাপন ছাড়া নিয়োগ: প্রায় তিন বছর দায়িত্ব পালনকালে উপাচার্য তৃতীয় ও চতুর্থ শ্রেণির চারটি পদে বিজ্ঞাপন ছাড়াই অন্তত ১৫৫ জন কর্মচারী নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের প্রায় সব নিয়োগ কমিটির প্রধান তিনি নিজেই। বিজ্ঞাপন ছাড়া কীভাবে নিয়োগ দিলেন, জানতে চাইলে উপাচার্য বলেন, বিজ্ঞাপন দিলে তদবির হয়, সরকারের বিভিন্ন জায়গা থেকে চাপ আসে। তা ছাড়া, কয়েকটি শূন্য পদে বিজ্ঞাপন দিলে হাজার হাজার আবেদন পড়ে। এ জন্য অস্থায়ী বা মজুরিভিত্তিক নিয়োগ দিয়ে পরে তাঁদের চাকরি স্থায়ী করা হয়।
নিয়োগপ্রাপ্তদের পরিচয় বিশ্লেষণ করে দেখা গেছে, উপাচার্য সরকারদলীয় কিছু ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন। পাশাপাশি নিয়েছেন আত্মীয়স্বজন ও এলাকার লোকজন।
উপাচার্য দায়িত্ব নেওয়ার পর সহকারী রেজিস্ট্রার নাসিরউদ্দিনকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে উপ-রেজিস্ট্রার করেন। এ জন্য বিশ্ববিদ্যালয়ের অনেককেই পরে ভূতাপেক্ষ পদোন্নতি দিতে হয়েছে। নিয়োগ-বাণিজ্যে মধ্যস্থতা করতেন এই নাসিরউদ্দিন। এ প্রক্রিয়ায় উপাচার্য-ঘনিষ্ঠ ছাত্রলীগের একটি অংশের সঙ্গে বিরোধের জের ধরে গত বছরের ১৭ আগস্ট তাঁকে পিটিয়ে ক্যাম্পাসছাড়া করা হয়। প্রায় ১০ মাস চিকিৎসা-ছুটিতে থাকার পর সম্প্রতি নাসিরকে ভৌতবিজ্ঞান গবেষণাকেন্দ্রে বদলি করা হয়েছে। কিন্তু ওই কেন্দ্রে একটি তৃতীয় শ্রেণির পদ আছে। সেখানে উপ-রেজিস্ট্রার নাসিরকেই শুধু দেওয়া হয়নি, তাঁর আগে উপ-হিসাবনিয়ন্ত্রক সিদ্দিকুর রহমান খানকেও বদলি করে বসিয়ে রাখা হয়েছে।
জানতে চাইলে নাসিরউদ্দিন বলেন, নিয়োগ-বাণিজ্যের সঙ্গে তিনি জড়িত ছিলেন না। উপাচার্যের সঙ্গে তাঁর কোনো বিরোধ হয়নি।
শিক্ষক নিয়োগে নৈরাজ্য: ‘অমুক শিক্ষক এত টাকা দিয়ে নিয়োগ পেয়েছেন’—চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে এমন বেশ কিছু ঘটনা শোনা যায়। এ বিষয়ে সুনির্দিষ্টভাবে প্রভাষক থেকে অধ্যাপক পদমর্যাদার ১০ জন শিক্ষকের সঙ্গে সরেজমিনে যোগাযোগ করা হয়। তাঁরা প্রত্যেকেই প্রথম আলোকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে আগে শিক্ষক নিয়োগে দলীয় পরিচয় দেখা হতো, এখন অর্থ লেনদেনের মাধ্যমেও শিক্ষক নিয়োগ হচ্ছে। কম যোগ্যদের অনেকেই শিক্ষক হওয়ায় এবং একটি পদে বিজ্ঞাপন দিয়ে একাধিক শিক্ষক নিয়োগ করার সঙ্গে আর্থিক অনিয়মের যোগসূত্র খুঁজছেন তাঁরা।
স্পর্শকাতর এসব অভিযোগ প্রসঙ্গে উপাচার্য বলেন, ২০ জন আবেদন করলে হয়তো দুজন নেওয়া হয়, অন্যরা নানা অভিযোগ করেন। আর্থিক লেনদেনের কোনো ঘটনা তিনি জানেন না বলে দাবি করেন।
উপাচার্যের গত তিন বছরের মেয়াদে প্রায় আড়াই শ শিক্ষক নিয়োগ পেয়েছেন। তাঁদের মধ্যে বিজ্ঞাপিত পদের বাইরে নিয়োগ পেয়েছেন অর্ধশতাধিক। পছন্দের প্রার্থী নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিল করারও বেশ কিছু নজির রয়েছে।
এমনকি এক বছরের মাথায় বেশ কয়েকজন শিক্ষককে প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছেন তিনি৷ প্রকাশনা ও গবেষণা থাকলে এমন সুযোগ দেওয়ার বিধান আছে। তবে সংক্ষিপ্ত পদোন্নতিপ্রাপ্তদের অনেকেই টাকা খরচ করে বিদেশি অখ্যাত সাময়িকীতে লেখা ছেপেছেন। কারা কারা এমন অনৈতিক কাজ করে পদোন্নতি বাগিয়ে নিয়েছেন তা শিক্ষকদের মুখে মুখে আলোচিত।
ইসলামের ইতিহাস বিভাগে বিজ্ঞাপিত সাতটি পদের বিপরীতে ১০ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে তিনজন প্রভাষক নিয়োগে বিজ্ঞপ্তি দিয়ে নেওয়া হয়েছে পাঁচজন। অতিরিক্ত নিয়োগ পাওয়া দুজন প্রার্থীর শিক্ষাজীবনে দ্বিতীয় শ্রেণি রয়েছে। কিন্তু আবেদন করা সাত প্রার্থীর সব কটিতে প্রথম শ্রেণি থাকলেও তাঁরা নিয়োগ পাননি। সমাজতত্ত্ব বিভাগে দুবার সাতটি পদের বিজ্ঞপ্তি দিয়ে নেওয়া হয় ১৭ শিক্ষক। এভাবে প্রায় সব বিভাগেই বিজ্ঞাপিত পদের বাইরে শিক্ষক নেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক গাজী সালেহ উদ্দিন প্রথম আলোকে বলেন, যেভাবে এবং যে নিয়মে শিক্ষক নিয়োগ হচ্ছে তা দুঃখজনক। বেশির ভাগ ক্ষেত্রে অযোগ্যরাই নিয়োগ পাওয়ায় মেধাবীরা বঞ্চিত হচ্ছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের বেশ কিছু ঘটনা তিনি শুনেছেন, সবাই বিষয়টি জানেন। কিন্তু এর প্রমাণ দেওয়া কঠিন। তিনি আরও বলেন, এক ব্যক্তির কাছে একটি প্রতিষ্ঠান কীভাবে জিম্মি হয়ে পড়তে পারে, তার বড় দৃষ্টান্ত এই বিশ্ববিদ্যালয়।
শিক্ষক নিয়োগে নৈরাজ্য এমন পর্যায়ে গেছে যে প্রয়োজন থাকলেও কয়েকটি বিভাগ শিক্ষক নিচ্ছে না। একটি বিভাগের চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, অযোগ্যদের নিতে হবে বলেই শিক্ষক নিয়োগ প্রস্তাব পাঠাননি তিনি।
এ প্রসঙ্গে উপাচার্য বলেন, এটা সত্য যে পদ খালি থাকলেও কিছু বিভাগ শিক্ষক নিতে আগ্রহ দেখাচ্ছে না। শূন্য পদে শিক্ষক নিয়োগে বিশেষ উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।
ছেলে যেভাবে শিক্ষক: উপাচার্যের ছেলে ইফতেখার আরিফ বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উচ্চমাধ্যমিক কলেজে অস্থায়ী নিয়োগ পান। এরপর বিশ্ববিদ্যালয়ে খোলা হয় ইনস্টিটিউট অব এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং (আইইআরটি)। পরে উচ্চমাধ্যমিক কলেজটিকে বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউটের আওতায় আনে। এর মাধ্যমে উপাচার্যের ছেলেসহ কলেজের ১৮ জন শিক্ষক প্রকারান্তরে বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক হলেন। কনিষ্ঠ হলেও উপাচার্য তাঁর ছেলেকে বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল বাংলো দিয়েছেন। জ্যেষ্ঠ অধ্যাপক বা বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ কোনো পদে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সাধারণত এ ধরনের বাংলো পেয়ে থাকেন।
সরকারবিরোধী বলে পরিচিত একজন সহযোগী অধ্যাপক উপাচার্য-ঘনিষ্ঠ হয়ে আরেকটি বড় বাংলো নিয়েছেন। ওই শিক্ষকের স্ত্রীকেও উপাচার্য আইইআরটির শিক্ষক করেছেন, যাঁর শিক্ষাজীবনে সবগুলোতেই দ্বিতীয় শ্রেণি।
ছেলে ছাড়াও ওই বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের দুই শ্যালিকা, এক পুত্রবধূকে নির্বাহী ক্ষমতাবলে বিজ্ঞাপন ছাড়াই নিয়োগ দেন উপাচার্য। এক শ্যালিকাকে তিনি নিজ কার্যালয়ে বসিয়েছেন। শাখা কর্মকর্তা পরিচয় ছাপিয়ে সবাই তাঁকে ‘উপাচার্যের শ্যালিকা’ হিসেবেই চেনেন।
শিক্ষক-কর্মকর্তাদের কয়েকজন জানালেন, এই নিকটাত্মীয়কে নিয়োগ দিয়ে কার্যালয়ে কারা এল বা গেল এবং কে, কী বলল-সেসব তথ্য পেয়ে থাকেন উপাচার্য। এক শ্যালিকাকে নিজ কার্যালয়ে নিয়োগ দিয়ে তিনি আরেক শ্যালিকাকে নিয়েছেন রেজিস্ট্রারের কার্যালয়ে ঊর্ধ্বতন সহকারী পদে। ওই কার্যালয়েই আবার শাখা কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন তাঁর ছেলের স্ত্রী।
এভাবে একক ক্ষমতা প্রয়োগ করে এবং বিজ্ঞাপন ছাড়া নিয়োগ দিয়ে স্বজনপ্রীতির রেকর্ড গড়েছেন উপাচার্য। এ বিষয়ে উপাচার্যের যুক্তি হলো, বাংলাদেশের নাগরিক হিসেবে এসব পদে তাঁদের চাকরি করার অধিকার আছে।
এক উপাচার্যের তিন ঠিকানা: চ্ট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনটি বাসস্থানের সুবিধা ভোগ করেন। বাড়িভাড়া হিসাবে প্রতি মাসে বিশ্ববিদ্যালয় থেকে নিচ্ছেন ১৯ হাজার টাকা। অথচ আবাসিক সুবিধা ব্যবহার না করলে তাঁর বাড়িভাড়া পাওয়ার কথা।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, দায়িত্ব নেওয়ার পর উপাচার্য প্রথমে শহরে অবস্থিত নিজের বাসা বিশ্ববিদ্যালয়ের টাকায় সাজসজ্জা করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের সুইপার, বাবুর্চি ছাড়াও কয়েকজন কর্মচারী রয়েছেন। এ ছাড়া তিন শিফটে ছয়জন প্রহরী বাড়িটি পাহারা দেন। ক্যাম্পাসে উপাচার্যের জন্য নির্দিষ্ট হিলটপ বাংলোটিও ব্যবহার করছেন তিনি। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ আসার অজুহাত তুলে ওই বাংলোটি সাজসজ্জা করা হয়। কিন্তু মাহাথির আসেননি। পরে উপাচার্য ওই বাড়িতেই বসবাস শুরু করেন। প্রায় এক একর জমিতে অবস্থিত এই বাড়িটি তিনি গরু, ছাগল ও মুরগির খামার করেছেন। বাগানবাড়ি ও খামারবাড়ি দেখভালের জন্য রয়েছে পাঁচজন মালি, দুজন ঝাড়ুদার ও ছয়জন প্রহরী। কেউ যাতে বাগানবাড়ি ও খামারবাড়ি দেখতে না পারে, সে জন্য পাহাড়ের পাদদেশে ওঠার মুখে পালাক্রমে ছয়জন আনসার দায়িত্ব পালন করেন।
অনুসন্ধানে দেখা গেছে, উপাচার্যের দুই বাসায় বিভিন্ন কাজে অন্তত ২৫ জন কর্মচারী যুক্ত থাকলেও তাঁদের কয়েকজনকে বিশ্ববিদ্যালয়ের অন্যত্র কর্মরত দেখানো হয়।
উপাচার্যের গাড়িবিলাস: নিয়ম অনুযায়ী উপাচার্যের সার্বক্ষণিক একটি গাড়ি পাওয়ার কথা। যোগদানের পর ৪৫ লাখ টাকা বরাদ্দ থাকলেও ৭২ লাখ টাকায় গাড়ি কিনে তিনি সমালোচিত হন। ওই গাড়ি ছাড়াও পরিবারের জন্য সার্বক্ষণিকভাবে দুটি গাড়ি (চট্টমেট্রো খ-১১-১০৩৫ এবং খ-১১-০৭০৪) রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, সাবেক উপাচার্যদের ব্যবহার করা ওই দুটি গাড়ির একটি উপাচার্যের ব্যাংকার পুত্র এবং অপরটি উপাচার্যের স্ত্রী, পুত্রবধূ, শ্যালিকাসহ আত্মীয়স্বজন ব্যবহার করছেন। তবে গাড়ি দুটি উপাচার্য কার্যালয়ের কাজে নিয়োজিত মর্মে রেজিস্ট্রারে দেখানো হয়। উপাচার্য কার্যালয়ের কাজে আরও দুটি গাড়ি (১৪৯৪ ও ১৪৯৬) ব্যবহার হলেও বেশির ভাগ সময় এগুলো উপাচার্যের আত্মীয়স্বজন ব্যবহার করেন।
উপাচার্য আনোয়ারুল আজিম দাবি করেন, তিনি নিয়মের বাইরে কোনো কাজ করেননি। আর কিছু করে থাকলে তা পরিস্থিতির কারণেই করেছেন। তিনি বলেন, ‘সবাইকে সুযোগ দিতে পারিনি। এ জন্য মিত্রদের অনেকেই শত্রু হয়েছে। তা ছাড়া এখানে শিক্ষকদের মধ্যে বিভাজন আছে। তাই আমার বিরুদ্ধে একটি পক্ষ এসব অভিযোগ তুলেছে।’
উপাচার্যের বিরুদ্ধে এসব অভিযোগ সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি)চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী বলেন, একজন উপাচার্য যদি এমন সব কাজ করে থাকেন, তাহলে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।