অনিয়মের তদন্ত চায় জাতিসংঘ ও ইইউ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে অনিয়মের ঘটনার সব অভিযোগ তদন্ত করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আর এ নির্বাচনকে জালিয়াতির নির্বাচন বলে আখ্যা দিয়েছে এশিয়ান হিউম্যান রাইটস কাউন্সিল (এএইচআরসি)।
গত মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এ সংস্থার এক নিয়মিত ব্রিফিংয়ে বলা হয়, সিটি নির্বাচনে জালিয়াতির অভিযোগের মধ্যে বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তের বিষয়ে অবগত আছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সব পক্ষকে শান্তিপূর্ণ উপায়ে নিজেদের মতপার্থক্য প্রকাশের অনুরোধ করেছেন তিনি। মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক ব্রিফিংয়ে এ কথা বলেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করতেও সব রাজনৈতিক দলের নেতাদের প্রতি মহাসচিব বান কি মুন তাঁর আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।
তদন্ত দাবি ইইউর: এক বিবৃতিতে ইইউ গতকাল বলেছে, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শন এবং সহিংসতার কারণে নষ্ট হয়েছে। এ বিষয়ে তাদের কাছে বিশ্বাসযোগ্য প্রতিবেদন রয়েছে।
বিবৃতিতে বলা হয়, নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ঘটনার এখনই অবশ্যই পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে। ইইউর আশা, রাজনৈতিক সব পক্ষ সহিংসতা থেকে বিরত থাকবে, উত্তেজনা কমাবে এবং বাংলাদেশের দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নে গঠনমূলক পথে চলবে।
এএইচআরসির বিবৃতি: ২৮ এপ্রিল আরও একটি জালিয়াতির নির্বাচন বাংলাদেশ দেখল বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থা এএইচআরসি। ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচনে জনপ্রতিনিধিদের নির্বাচিত করার প্রক্রিয়াটি ছিল প্রতারণা।
বিবৃতিতে অভিযোগ করা হয়, এএইচআরসির সহযোগী ও প্রত্যক্ষদর্শী মানবাধিকারকর্মীদের তথ্য অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম দুই সিটিতেই ক্ষমতাসীন দলের ক্যাডার, নির্বাচনী কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ভোট চুরি এবং ব্যালট ভরার বিষয়টি ছিল বিশেষভাবে লক্ষণীয়।
সংস্থার আরও অভিযোগ, সহিংসতার কারণে অনেক ভোটার কেন্দ্রে যাননি। অনেককে কেন্দ্র থেকে চলে যেতে বলা হয়েছে। কারও কারও ভোট আগেই দেওয়া হয়ে গেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা নির্বাচন কমিশনের কর্মকর্তাদের বারবার অভিযোগ করেছেন কিন্তু সে অনুযায়ী কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
বিদেশি গণমাধ্যমে নির্বাচন: অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনের খবর বিদেশি গণমাধ্যমেও বেশ গুরুত্ব পেয়েছে। ভোট চুরির অভিযোগে বিএনপি নির্বাচন বর্জন করার ঘটনাকে বাংলাদেশের নতুন রাজনৈতিক সংকট হিসেবে দেখছে বিভিন্ন গণমাধ্যম।
রয়টার্স, এএফপি, বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যমে আশঙ্কা প্রকাশ করা হয়, নির্বাচনকালীন ব্যবস্থা, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পদত্যাগসহ নানা ইস্যুতে দেখা দেওয়া সাম্প্রতিক রাজনৈতিক সংকট আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।