অনিয়মের দায়ে চট্টগ্রামের ৬ প্রতিষ্ঠানকে ৮২ হাজার টাকা জরিমানা
খাবার অনুপযোগী ক্ষতিকর রং ব্যবহার করে আইসক্রিম তৈরির অপরাধে গতকাল রোববার চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকার দুটি কারখানাকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
একই আদালত বিভিন্ন অপরাধে আরও চারটি প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই আদালত পরিচালনা করেন। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস অভিযানে নেতৃত্ব দেন। এতে সহায়তা দেয় পুলিশ।
জরিমানা করা আইসক্রিম কারখানা দুটির মধ্যে পাহাড়তলীর ভাই ভাই আইসক্রিম ফ্যাক্টরি ২০ হাজার টাকা ও নিডো আইসবারকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া বালুযুক্ত শেওলাপড়া নিম্নমানের মরিচ ব্যবহার করে মরিচের গুঁড়া তৈরির অপরাধে পাহাড়তলীর বাসু মসলা ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা, মফিজ মসলা মিলকে ৪ হাজার টাকা, নোংরা অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরির অপরাধে কর্নেলহাটের দেশ ফুড ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা এবং একই এলাকার একতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সহকারী পরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, আইসক্রিম কারখানা দুটি স্যাকারিন ও খাবার অনুপযোগী রং ব্যবহার করছিল। আর মসলা তৈরির জন্য শেওলাপড়া মরিচ ব্যবহার করা হচ্ছিল। অন্য দুটি প্রতিষ্ঠানের পরিবেশ ছিল নোংরা ও অস্বাস্থ্যকর।