অনিয়মের দায়ে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা এবং সড়কের ওপর মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টিসহ বিভিন্ন অপরাধে ১১ প্রতিষ্ঠান ও ৫ ব্যক্তিকে ১ লাখ ১৭ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের দুটি ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন ও যূথিকা সরকার নগরের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন।

সিটি করপোরেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরের গোসাইলডাঙা এলাকায় সড়কের ওপর কাঠের সামগ্রী রেখে চলাচলে বাধা সৃষ্টি করায় বখতেয়ার অ্যান্ড সন্সকে ১০ হাজার, মেসার্স আইয়ুব অ্যান্ড সন্সকে ৫ হাজার, নিমতলা এলাকায় মো. মানিককে ১৫ হাজার, মোহাম্মদ কামালকে ১৫ হাজার এবং আলমগীর এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া গোসাইলডাঙা এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায় মেসার্স হাজী বিরিয়ানি হাউস ও মেজবান বাড়ি হোটেলের প্রতিটিকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসব এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যূথিকা সরকার।

এ ছাড়া নগরের বায়েজিদ বোস্তামী মাজার গেট এলাকায় খাবারে ভেজাল দেওয়ায় ক্যাফে বায়েজিদকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করার অপরাধে আঁখি সুজ, মদিনা হোটেল, ফুল বিতান, কেয়ার অ্যান্ড কিউর, মুক্তা হার্ডওয়্যার, তেল ব্যবসায়ী মঈনুদ্দিন, মোহাম্মদ সোহেলসহ প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩৫ হাজার টাকা এবং ফল ব্যবসায়ী আবু বকরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এই এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সনজীদা শরমিন।

দুটি অভিযানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অভিযানে সহায়তা করে চট্টগ্রাম নগর পুলিশ।