অনিয়মের প্রতিবাদ সড়কের কাজ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের অভয়নগর উপজেলার টেকারঘাট-ভবদহ স্লুইসগেট সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর প্রতিবাদের মুখে প্রায় দেড় মাস ধরে সড়কটির কাজ বন্ধ রয়েছে। সরেজমিনে দেখা গেছে, সড়কটির বালু-খোয়া সমান করার কাজ শেষ হয়েছে। পিচের কাজ এখনো বাকি। এরই মধ্যে সড়কটির অনেক জায়গা দেবে গেছে। পাশের মাটি কেটে নেওয়ায় সড়কটির কোনো ঢাল নেই। এলাকাবাসীর প্রতিবাদের কারণে জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে ঠিকাদার সড়কটির কাজ বন্ধ রেখেছেন। এলাকাবাসীর অনেকে অভিযোগ করেন, সড়কটির স্থানভেদে দুই থেকে ছয় ফুট বালু দিয়ে উঁচু করার কথা। কিন্তু পাশের মাটি কেটে তা দিয়ে পাঁচ ফুট পর্যন্ত উঁচু করা হয়েছে। সড়কটির দুই পাশ এমনভাবে খাড়া করা হয়েছে যে তা ভেঙে পড়বে। তাঁদের অভিযোগ, সড়কটিতে পরিত্যক্ত ইটের খোয়া ব্যবহার করা হয়েছে। তা ছাড়া আনুপাতিক হারে এক ঝুড়ি খোয়া ও এক ঝুড়ি বালু দেওয়ার কথা থাকলেও দেওয়া হয়েছে এক ঝুড়ি খোয়া ও তিন ঝুড়ি বালু। দত্তগাতী গ্রামের শিবতোষ মণ্ডল (৩৮) বলেন, ‘রাস্তার আগের পরিত্যক্ত ইট ভেঙে সেই খোয়া দেওয়া হয়েছে। শুরু থেকেই এর প্রতিবাদ করে আসছি। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ও ঠিকাদার তাতে কোনো রকম কর্ণপাত করেননি।’ চোমরডাঙ্গা গ্রামের বাসুদেব মণ্ডল (৩৫) বলেন, ‘যেনতেনভাবে রাস্তাটি সমান করে ঠিকাদার পিচের কাজ শুরু করতে যাচ্ছিলেন। এলাকাবাসীর প্রতিবাদের মুখে তা করতে পারেনিন।’পানি উন্নয়ন বোর্ড, যশোর সূত্র জানায়, সড়কটির নির্মাণের জন্য গত বছরের নভেম্বর মাসে দরপত্র আহ্বান করা হয়। টেকা ও শ্রীহরি নদীর তীরসংলগ্ন ২ দশমিক ৮০ কিলোমিটার সড়কটির এক কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার কাজ পান যশোরের ঠিকাদার মো. আলী হায়দার ওরফে মিলন। সূত্রমতে, এর মধ্যে মাটির কাজ বাবদ সাত লাখ ৮৩ হাজার টাকা বরাদ্দ রয়েছে। গত ১ ফেব্রুয়ারি কার্যাদেশ পেয়ে ঠিকাদার সড়কটির নির্মাণকাজ শুরু করেন। গত ৩০ জুন সড়কটির নির্মাণকাজ শেষ করার কথা থাকলেও এখনো পিচের কাজ সম্পূর্ণ বাকি রয়েছে। শিডিউল অনুযায়ী কাজ করা হচ্ছে বলে দাবি করে ঠিকাদার মো. আলী হায়দার বলেন, ‘সড়কের পুরোনো ইটের খোয়ার সঙ্গে নতুন ইটের খোয়া ও বালু ঠিকমতো দেওয়া হয়েছে। সড়কের উভয় পাশে তিন থেকে সাড়ে তিন ফুট পর্যন্ত মাটি দেওয়া হয়েছে। মাটি যাতে ভেঙে না পড়ে সে জন্য আমরা সড়কটির পাশে এক হাজার ৪০০ বাঁশ এবং বাঁশের চাটাই দিয়ে ভালো করে বেড়া দিয়েছি, যা শিডিউলে উল্লেখ নেই। তিনি বলেন, ‘পিচের কাজ শুরু করতে চেয়েছিলাম। কিন্তু এলাকার কিছু লোক আপত্তি করায় এবং বৃষ্টি থাকায় আপাতত কাজ বন্ধ রাখা হয়েছে। ’পানি উন্নয়ন বোর্ড, যশোরের নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘খোয়া ও বালুর অনুপাত কিছুটা কমবেশি হতে পারে। তবে সড়কটির কাজের মান খুব একটা খারাপ হয়নি। সড়কটি কিছুটা খাড়া হয়েছে, তবে তা ভেঙে পড়বে না। পরবর্তী সময়ে আমরা সড়কটির দুই পাশে মাটির কাজ করব। বৃষ্টির সময় পিচের কাজ ভালো হয় না। এ জন্য বৃষ্টির মৌসুম চলে গেলে পিচের কাজ করা হবে।’