রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের অব্যবস্থাপনা নিরসন, চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং ঠিকাদারদের দৌরাত্ম্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও হাসপাতাল পরিচালকের কার্যালয় ঘেরাও করেছে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ। এসব দাবি পূরণের জন্য হাসপাতালের পরিচালককে ১৫ দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়। অন্যথায় বৃহত্তর কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুই ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ সমাবেশ ও ঘেরাও কর্মসূচিতে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের নেতারা ছাড়াও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এ সময় সমাবেশে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, উত্তরাঞ্চলের বৃহৎ এ হাসপাতালটি এখন দালাল সিন্ডিকেটের হাতে চলে গেছে। চিকিৎসা নিতে এসে মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে। হাসপাতালের ওষুধ বিক্রি করে রোগীদের বাইরে থেকে ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছে। হাসপাতালের এক্স-রে মেশিন চলে না। গজ ব্যান্ডেজসহ সার্জিক্যাল সামগ্রীও রোগীদের বাইরে থেকে কিনতে হয়। এ পরিস্থিতিতে তিন মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাসেবার মান নিচে নেমে গেছে।
হাসপাতালের চিকিৎসকদের হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, আপনারা হাসপাতালে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করুন। সরকারের বেতন খাবেন আর বিভিন্ন ক্লিনিকে চিকিৎসার নামে দালালি করবেন, অবৈধভাবে টাকা কামাবেন, রাজশাহীর জনগণ তা মেনে নেবে না।
বক্তারা যেসব চিকিৎসক তিন বছরের বেশি সময় ধরে আছেন, তাঁদের অবিলম্বে সরকারি নিয়মে অন্যত্র বদলির জন্য সরকারের কাছে আহ্বান জানান।
বক্তারা আরও বলেন, হাসপাতালে চিকিৎসাসেবা তো দূরের কথা, নোংরা পরিবেশে রোগীরা আরও নাজেহাল হন। হাসপাতালে খাবারের মান আরও নিম্নমুখী উল্লেখ করে বক্তারা বলেন, এসব অনিয়ম-দুর্নীতি অবিলম্বে বন্ধ না হলে আগামী ১৫ দিন পর বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, সাংগঠনিক সম্পাদক দেবাশীষ প্রামাণিক, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সাবেক প্রশাসক জিয়াউল হক, নারী শিল্পোদ্যোক্তা নিলুফার ইয়াসমিন, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, ক্রীড়া সংগঠক হারুনার রশিদ, আদিবাসী পরিষদের নেতা সুবাস হেমব্রম প্রমুখ।