অনিয়মের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠপর্যায়ে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের হুঁশিয়ারি করে দিয়ে বিদ্যুৎসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেছেন, অনিয়ম ও গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রোববার বৃহত্তর ময়মনসিংহের ছয় জেলার জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), জনপ্রতিনিধি ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা ও মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মইনউদ্দিন আবদুল্লাহর সভাপতিত্বে এ সভায় ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও টাঙ্গাইলের ডিসি, এসপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র ও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমের কর্মীরা অংশ নেন।জেলা প্রশাসনের আয়োজিত সভায় বিভিন্নজনের বক্তব্যে মাঠপর্যায়ে বিদ্যুৎ-সংকটের কারণ ও অনিয়মের চিত্র উঠে আসে। এগুলোর মধ্যে রয়েছে অবৈধভাবে বিদ্যুৎ-সংযোগ দেওয়া, মিটার রিডিংয়ে অনিয়ম, ট্রান্সফরমার বিকল হলে উৎকোচ গ্রহণ এবং বিকল ট্রান্সফরমার পরিবর্তন বা মেরামতে অযথা বিলম্ব করা, বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ে কর্মচারীদের দক্ষতা ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব, লোকবল ও যানবাহনের সংকট, পুরোনো ও জরাজীর্ণ এবং অপর্যাপ্ত সঞ্চালন লাইন, বিদ্যুৎ বিভাগের জেলা-উপজেলা পর্যায়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয়হীনতা প্রভৃতি। এসব সমস্যার দ্রুত সমাধান দাবি করেন বক্তারা।বিদ্যুৎসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন, মাঠপর্যায়ে বিদ্যুৎ-সংকট ও অনিয়ম মোকাবিলায় বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের পরামর্শ ও সহযোগিতা নিয়ে কাজ করতে হবে। বিকল ট্রান্সফরমার ২৪ ঘণ্টার মধ্যে মেরামত করতে হবে।বিদ্যুৎ বিভাগের মাঠপর্যায়ে অনিয়ম দূর করতে ঢাকা বিভাগীয় কমিশনার মোহাম্মদ মইনউদ্দিন আবদুল্লাহ রমজানের পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেন।