বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত সব অনিয়ম ও দুর্নীতির বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি-সমর্থিত চিকিৎসকদের সংগঠন ড্যাব নেতারা এ দাবি জানান। বিএসএমএমইউতে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুতি, হামলা, ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে তাঁরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।সংবাদ সম্মেলনে ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত জোট সরকারের আমলে কোনো অবৈধ নিয়োগ দেওয়া হয়নি। সংবাদপত্রে বিজ্ঞাপন প্রকাশ, সিন্ডিকেটের সিদ্ধান্ত মেনে নিয়োগ দেওয়া হয়েছে। অথচ এখন সিন্ডিকেটের সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। নেতারা গত ২৭ জুন হরতালের দিন বিএসএমএমইউর সহযোগী অধ্যাপক আবদুল কুদ্দুস, মাজাহারুল ইসলাম, সাইফুল ইসলাম ও চিকিৎসক আবদুস সালামের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ড্যাব সভাপতি এ কে এম আজিজুল হক, যুগ্ম মহাসচিব রফিকুল ইসলাম প্রমুখ।