অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল সিটি করপোরেশনে পদোন্নতিতে অনিয়ম-দুর্নীতি, কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার বৈষম্য, নিয়মিত বেতন-ভাতা না দেওয়া, প্রভিডেন্ট ফান্ডে অর্থ জমা না করা এবং উন্নয়নকাজে অনিয়মের বিষয় জানতে চেয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।
গত ২৬ মে ওই চিঠি বরিশাল সিটি করপোরেশনে এসে পৌঁছায়। এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।
সিটি করপোরেশন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিধি লঙ্ঘন করে বরিশাল সিটি করপোরেশন বেশ কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর পদোন্নতি দেয়। একই পদে পুরকৌশল বিভাগ থেকে স্নাতক করা নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আনিছুজ্জামানকে বাদ দিয়ে ডিপ্লোমা পাস করা নির্বাহী প্রকৌশলী এম এ মোতালেব হাওলাদারকে পদোন্নতি দেওয়া হয়। এ রকম অভিযোগের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ ব্যাপারে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়।
গত ১৮ মে মন্ত্রণালয়ের উপসচিব খলিল আহমদ স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই নির্দেশ দেওয়া হয়। পৃথক এক চিঠিতে বরিশাল সিটি করপোরেশনের শ্রমিক-কর্মচারীদের বেতনবৈষম্য দূরীকরণ, নিয়মিত কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ডে অর্থ জমা প্রদান, বেতন-ভাতা প্রতি মাসে পরিশোধ এবং বিভিন্ন অনিয়মের বিষয়ে তদন্ত করে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়।
বরিশাল সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা আসমা আক্তার বলেন, মন্ত্রণালয় থেকে আসা চিঠির পরিপ্রেক্ষিতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কাউন্সিলর সৈয়দ জাকির হোসেনকে ওই কমিটির প্রধান করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে সিটি করপোরেশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, চাকরিবিধি লঙ্ঘন, বেতন-ভাতা, প্রভিডেন্ট ফান্ড জমা না হওয়া ছাড়াও আরও একটি অভিযোগের বিষয়ে তদন্ত করছে মন্ত্রণালয়। সেটি হচ্ছে, করপোরেশনের আর্থিক সচ্ছলতা না থাকার পরও তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রধান হিসাবরক্ষকের যোগসাজশে দরপত্র ছাড়া গোপনে কাজ করার অভিযোগ।
এ ব্যাপারে বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রণজিৎ কুমার প্রথম আলোকে বলেন, গত ২৬ মে মন্ত্রণালয় থেকে তিনটি নয়, দুটি চিঠি এসেছে। তার মধ্যে একটিতে পদোন্নতি বিষয়ে একজন প্রকৌশলীর অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হয়েছে। অন্যটিতে বেতন-ভাতা বকেয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে প্রভিডেন্ট ফান্ড জমা করতেও বলা হয়েছে।