অনিয়মের মাত্রা অতিক্রম করেছে এবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষষ্ঠ ধাপে গতকাল সোমবার ১২টি উপজেলা পরিষদের নির্বাচনে অনিয়ম ও জাল ভোটের মাত্রা আগের পাঁচ ধাপের নির্বাচনকেও অতিক্রম করেছে বলে জানিয়েছে নির্বাচন পর্যবেক্ষণকারী বেসরকারি সংগঠন ব্রতী৷
বিভিন্ন ভোটকেন্দ্রে থাকা নিজস্ব পর্যবেক্ষকদের পাঠানো তথ্যের ভিত্তিতে গতকাল গণমাধ্যমে পাঠানো প্রাথমিক প্রতিবেদনে ব্রতী এসব কথা জানায়৷ ব্রতীর প্রতিবেদনে বলা হয়, নির্বাচনে সরকারদলীয় সমর্থক প্রার্থীদের পক্ষে কেন্দ্র দখল করে একচেটিয়া সিল মারতে দেখা গেছে৷ এ সময় সন্ত্রাসী হামলা ও গোলাগুলির ঘটনাও ঘটেছে৷

প্রতিবেদনে কুমিল্লা সদর (দক্ষিণ) উপজেলার ১১টি কেন্দ্রের নাম উল্লেখ করে বলা হয়, সেখানে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করে একচেটিয়া সিল মেরেছেন৷ পিপুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বলরামপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়া নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়৷ সংঘর্ষের কারণে কুমিল্লা সদর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়৷
এ ছাড়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ফুলবাড়িয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপি-সমর্থিত প্রার্থীর কর্মীরা কেন্দ্র দখল করেন৷ পরে বিজিবির সদস্যরা তাঁদের হটিয়ে দেন৷ রংপুরের হারাগাছে সুবর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থক-কর্মীদের সংঘর্ষে প্রিসাইডিং কর্মকর্তা আহত হন৷ ব্রতী জানিয়েছে, এসব কেন্দ্রে নির্বাচন কমিশনের কোনো কর্মকর্তা বা ভ্রাম্যমাণ আদালতের কাউকে পাননি তাদের পর্যবেক্ষকেরা৷