অনিয়ম-দুর্নীতির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার রহমান ব্যাপারী ২ জুলাই হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর স্ত্রী সাহারা বেগমের ভাষ্যমতে, রহমান প্রকৃত মুক্তিযোদ্ধা ছিলেন। মুক্তিযোদ্ধাদের ভাতা যখন ৩০০ টাকা করে ছিল, তখন থেকে তিনি ভাতা পেয়ে আসছেন। এ বছর মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই চলাকালে কমিটির এক সদস্য রহমানের কাছে টাকা দাবি করেন। সেই টাকা দিতে না পারায় তাঁকে মুক্তিযোদ্ধার তালিকাভুক্ত করা হয়নি। এ খবর শুনেই তিনি অসুস্থ হয়ে মারা গেছেন।

ঝালকাঠির চার উপজেলায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে এমন নানা অভিযোগ উঠেছে। এর মধ্যে রয়েছে, টাকা না দেওয়ায় তালিকাভুক্ত না করা এবং টাকা নিয়ে অমুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করা।

জানতে চাইলে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার এম আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, পুরো জেলাতেই স্বচ্ছভাবে যাচাই-বাছাই হয়েছে। কেউ প্রমাণ করতে পারবে না যে টাকা নেওয়া হয়েছে। যাঁরা তালিকা থেকে বাদ পড়েছেন, তাঁদের কাগজপত্রে অসংগতি রয়েছে। আবার অনেকের পক্ষে নির্ভরযোগ্য শনাক্তকারী পাওয়া যায়নি।

ঝালকাঠি মুক্তিযোদ্ধা কমান্ড ও জেলার চারটি উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটি সূত্রে জানা যায়, সারা দেশে মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা হালনাগাদের অংশ হিসেবে ঝালকাঠিতে গত ১৮ মে এই কার্যক্রম শুরু হয়। প্রতিটি উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব। এ ছাড়া সরকারদলীয় নেতা ও মুক্তিযোদ্ধাদের এই কমিটিতে রাখা হয়। কিন্তু যাচাই-বাছাই কার্যক্রমের শুরু থেকেই কমিটির সদস্যদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে।

ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. রশিদ হাওলাদার ১০ জুলাই একটি চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবর পাঠান। এতে তিনি অভিযোগ করেন, সদর উপজেলাতেই মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নামে ২ কোটি টাকার বাণিজ্য হয়েছে। সদরের ইউএনও ও যাচাই-বাছাই কমিটির সদস্যসচিব মকবুল হোসেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামকে অঘোষিতভাবে কমিটির ক্যাশিয়ার নিযুক্ত করেন। এই দুজন মিলে জনপ্রতি ২-৩ লাখ টাকা ঘুষ নিয়ে ১৩৭ জন অমুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করেছেন। তবে শহিদুল ইসলাম বলেন, ‘উপজেলা সমাজসেবা কার্যালয় দেশের কোথাও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে সম্পৃক্ত নয়। সে ক্ষেত্রে দুর্নীতি করার সুযোগ নেই। আমি কমিটির ক্যাশিয়ার ছিলাম—এ কথাও সত্য নয়। আমার দপ্তরের অন্য কারও বিরুদ্ধে অভিযোগ উঠলেও খতিয়ে দেখা হবে।’

ইউএনও (সদ্য বিদায়ী) মকবুল হোসেন বলেন, অনেক অমুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হতে না পেরে এমন অভিযোগ তুলছেন। আসলে অত্যন্ত স্বচ্ছভাবে যাচাই-বাছাই করে তালিকা বানানো হয়েছে। তা ছাড়া কমিটির নাম দিয়ে অন্য কেউ টাকাপয়সা নিলে এর জন্য কমিটি দায়ী নয়।

মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হতে পারেননি ঝালকাঠি সদরের কানাই লাল সাহা। তাঁর ভাই শ্যাম লাল সাহা মুক্তিযুদ্ধে শহীদ হন। কানাই লাল অভিযোগ করেন, ‘টাকার জোয়ারে ভেসে গেছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের দলিলপত্র। মুক্তিযুদ্ধে আমার ভাই শহীদ হন। স্বাধীনতার পর বঙ্গবন্ধু আমাদের পরিবারকে ২ হাজার টাকা আর্থিক অনুদান দেন। আমার নিজের ওসমানীর দেওয়া সনদ রয়েছে। তারপরও আমাকে তালিকাভুক্ত করা হয়নি।’

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোবারক হোসেন মল্লিক বলেন, ঝালকাঠি সদরে আসলে যাচাই-বাছাই কমিটিতে মুক্তিযোদ্ধা হিসেবে যাঁদের রাখা হয়, তাঁরাই প্রকৃত মুক্তিযোদ্ধা নন। এই কমিটি লাখ লাখ টাকার বাণিজ্য করেছে।

ঝালকাঠি সদরের পাশাপাশি নলছিটি, রাজাপুর ও কাঠালিয়া উপজেলায়ও একই অভিযোগ উঠেছে। চার উপজেলায় প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও তালিকা থেকে বাদ পড়া অন্তত ১৫ জনের সঙ্গে কথা বলে যাচাই-বাছাই কমিটির নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। অবশ্য তাঁদের অনেকে স্বনামে অভিযোগ করতে রাজি হননি।

একাত্তর সালে নলছিটির চাচৈর রণাঙ্গনে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় মুক্তিযুদ্ধ হয়েছিল। স্থানীয় মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার মৃত্যুতে তাঁর স্ত্রী আবেদন করে কমিটির কাছে সব কাগজপত্র হাজির করেন। কিন্তু এলাকার এক দালালের দাবি করা দেড় লাখ টাকা দিতে রাজি না হওয়ায় গোলাম মোস্তফার নাম ‘ক’ তালিকার পরিবর্তে ‘খ’ তালিকায় রাখা হয়েছে বলে তাঁর ছেলে মো. মীর নাইম হোসেন অভিযোগ করেন।

একই উপজেলার কুলকাঠি গ্রামের আবদুল মাজেদ বলেন, ১৮ বছর ধরে মুক্তিযোদ্ধার ভাতা পেয়ে আসছেন তিনি। তা সত্ত্বেও যাচাই-বাছাইয়ে তাঁকে বাদ দেওয়া হয়। নলছিটির ইউএনও কৌশলে গত ১৫ জুন আপিলের শেষ দিনে বাদ পড়া ব্যক্তিদের তালিকা প্রকাশ করেন। এই তালিকায় নিজের নাম দেখতে পেয়ে তিনি দিশেহারা হয়ে পড়েন।

আবদুল মাজেদ দ্রুত ঢাকায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলে (জামুকা) যান। সেখানে গিয়ে তাঁর মতো অনেককেই দেখতে পান। তাঁরা সবাই আপিলের সময় বৃদ্ধির দাবি জানান। দাবির মুখে জামুকা ২০ জুলাই পর্যন্ত সময় বাড়ায়।

অভিযোগের বিষয়ে নলছিটির ইউএনও আশরাফুল ইসলাম বলেন, ‘আমি জামুকায় খবর নিয়ে জানতে পারি, ১৫ জুনের পরও আপিল করার সুযোগ থাকছে। আসলে শেষ সময় বলতে তখন কিছুই ছিল না।’

রাজাপুরে ৮৯ জনই অমুক্তিযোদ্ধা

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের একজন সম্পাদক ও রাজাপুরের মুক্তিযোদ্ধা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়েছে, রাজাপুরে যাচাই-বাছাই কমিটির তালিকায় স্থান পাওয়া ৮৯ জন অমুক্তিযোদ্ধা।

রাজাপুরের গালুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডার নুরুজ্জামান ফরাজী বিষয়টির সত্যতা আছে দাবি করে বলেন, ওই ৮৯ জনের মধ্যে ৩৯ জনের বিরুদ্ধে আগের তালিকাতেই ভুয়া মুক্তিযোদ্ধা হওয়ার অভিযোগ ছিল। বাকি ৫০ জন অমুক্তিযোদ্ধা হওয়া সত্ত্বেও এবার আর্থিক লেনদেনের মাধ্যমে তালিকায় নাম উঠিয়েছেন।

তালিকাভুক্ত ব্যক্তিদের মধ্যে চল্লিশ কাউনিয়ার আবদুল হাই ও পুটিয়াখালী গ্রামের আলতাফ সিকদার বলেন, এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। মুক্তিবার্তায় তাঁদের নাম আছে। এ ছাড়া যুদ্ধের পর অস্ত্র জমা দেওয়ার সনদও আছে।

কাঠালিয়া উপজেলায়ও মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। টাকা না দেওয়ায় অনেকে প্রকৃত মুক্তিযোদ্ধা হলেও তালিকায় নাম ওঠেনি। এমন চারজনের সঙ্গে কথা বললে তাঁরা অভিযোগের সত্যতা নিশ্চিত করেন। তবে কেউই নাম প্রকাশ করতে রাজি হননি।