চট্টগ্রাম নার্সিং কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের মধ্যে রয়েছে বিনা রসিদে বিভিন্ন ফি আদায়, সরকারি বৃত্তি ও আবাসিক হলের খাবার খরচের (ডায়েট মানি) টাকা কেটে রাখা৷ কলেজের বিভিন্ন ব্যাচের অনেক শিক্ষার্থী এসব অভিযোগ করেন৷
স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আহমদ তানশীর উদ্দিন বলেন, গত ফেব্রুয়ারিতে তৃতীয় ব্যাচের ১৬ জন এবং গত বছরের নভেম্বরে পঞ্চম বর্ষের ৪০ জনের কাছ থেকে বৃত্তির টাকা ও ডায়েট মানি কেটে রাখার অভিযোগ রয়েছে৷ এ ছাড়া নার্সিংয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে ফি আদায়সহ নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে৷
এ ব্যাপারে নার্সিং কলেজের ডিন এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, ‘কোনো ফি বিনা রসিদে নেওয়ার সুযোগ নেই। এ ছাড়া অন্যান্য অনিয়মের ব্যাপারে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
বেশ কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ, গত জানুয়ারি মাসে মিড টার্ম পরীক্ষার ফি হিসেবে প্রথম, তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে বিনা রসিদে প্রায় এক লাখ ৯৪ হাজার টাকা নেওয়া হয়। বিভিন্ন সময়ে কর্তৃপক্ষ ক্লাসে ও ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনুপস্থিত থাকার অজুহাতে বৃত্তির টাকা কেটে রেখেছে। আবার হলের কোনো শিক্ষার্থী অনুপস্থিত থাকলে তার ডায়েট মানিও কেটে রাখা হচ্ছে।
বিনা রসিদে কোনো ফি নেওয়া হচ্ছে না বলে দাবি করে চট্টগ্রাম নার্সিং কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম বলেন, ‘এ ধরনের অভিযোগ মিথ্যা। নিয়ম অনুযায়ী সব ফি আদায় করা হয়েছে।’
সরকারি বৃত্তি ও ডায়েট মানি কেটে রাখার অভিযোগ প্রসঙ্গে হোসনে আরা বেগম বলেন, ‘এখনো কোনো বৃত্তির টাকা পাইনি। এ টাকা কাটার অভিযোগ সঠিক নয়। কোনো শিক্ষার্থীর কাছ থেকে আমরা ডায়েট মানি কেটে রাখিনি৷’
অনেক শিক্ষার্থীর অভিযোগ, ভর্তি বাবদ কলেজের বিএসসি নার্সিংয়ের পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে যথাক্রমে ১০ হাজার ৬৩৫ টাকা, ১৪ হাজার ১৩৫ টাকা ও ১৫ হাজার ১৩৫ টাকা আদায় করা হয়েছে। কিন্তু রসিদ দেওয়া হয়েছে মাত্র নয় হাজার ৬৩৫ টাকার। প্রথম, তৃতীয় ও চতুর্থ বর্ষের সমাপনী পরীক্ষার কেন্দ্র ফি বাবদ বিনা রসিদে প্রায় তিন লাখ টাকা আদায় করা হয়। অথচ ২১৪ জন শিক্ষার্থীর আসনবিন্যাস করা হয় বারান্দায়। এদের মধ্য থেকে পাঁচজনের কাছ থেকে কলেজ কর্তৃপক্ষ বিনা রসিদে আড়াই হাজার টাকা (৫০০ টাকা করে) বিলম্ব আদায় করে। শিক্ষার্থীদের এসব অভিযোগ অস্বীকার করেন হোসনে আরা বেগম৷
অভিযোগ রয়েছে, মৌখিক পরীক্ষার সময়সূচি আগে থেকে জানানো হয় না৷ একদিন আগে জেনে নিতে হয়। অধ্যক্ষ সকালের নির্ধারিত মৌখিক পরীক্ষা নিজের সময়মতো বিকেলে নিচ্ছেন। এসব অভিযোগও অস্বীকার করেছেন অধ্যক্ষ।
নাম প্রকাশে অনিচ্ছুক নার্সিং কলেজের একজন জ্যেষ্ঠ প্রশিক্ষক বলেছেন, ‘এভাবে টাকা কেটে রাখার কোনো প্রাতিষ্ঠানিক নিয়ম নেই। কিন্তু এর পরও ছাত্রছাত্রীদের কাছ থেকে টাকা কাটা হচ্ছে বলে জেনেছি আমরা।’