অনুকূল আবহাওয়ায় বেড়েছে সরিষার ফলন, খুশি চাষিরা
রংপুরের বদরগঞ্জের চাষিরা সরিষা আবাদে দিনকে দিন আগ্রহী হয়ে উঠছেন। এবার অনুকূল আবহাওয়ায় ফলন বাম্পার হয়েছে। সরিষার বাজার দরও ভালো। ফলে বাড়তি ফসল হিসেবে বদরগঞ্জের চাষিরা গত বছরের তুলনায় এবার আরও বেশি সরিষা চাষ করেছেন বলে জানা গেছে।
উপজেলা কৃষি কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী, গত পাঁচ বছরে ক্রমান্বয়ে উপজেলায় সরিষা চাষ ও ফলন দুই-ই বেড়েছে। উপজেলায় এবার ২ হাজার ৩৮০ হেক্টরে সরিষার চাষ হয়েছে। প্রতি হেক্টরে সরিষা ফলেছে অন্তত দেড় মেট্রিক টন। গত বছর উপজেলায় সরিষার চাষ হয়েছিল ২ হাজার ২২৫ হেক্টরে। সরিষা ফলেছিল প্রতি হেক্টরে সর্বোচ্চ ১ দশমিক ৩০ মেট্রিক টন। আগের বছর চাষ হয়েছিল ১ হাজার ৮০০ হেক্টরে। ফলন হয়েছিল প্রতি হেক্টরে সর্বোচ্চ ১ দশমিক ২০ মেট্রিক টন। উপজেলায় গত চার বছরে হেক্টর প্রতি গড়ে সরিষা ফলেছিল ১ দশমিক ২০ মেট্রিক টন।
উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কনক চন্দ্র রায় বলেন, ‘সরিষা, ভুট্টা ও বোরো আবাদের উপযুক্ত তাপমাত্রা ২২ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস। এবার সরিষার মৌসুমে অনুকূল আবহাওয়া থাকায় সরিষার বাম্পার ফলন হয়।’ তিনি আরও বলেন, অনুকূল আবহাওয়ার কারণে গত পাঁচ বছরে ক্রমান্বয়ে সরিষার ফলন বেড়েছে। চাষিদের জন্য এটা খুশির খবর। বিষয়টি কৃষি বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দাপ্তরিকভাবে জানানো হয়েছে।
বিভিন্ন হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি মণ সরিষা বাজারে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ১ হাজার ৭০০ টাকা পর্যন্ত। গত বছরে একই পরিমাণ সরিষার বাজার দর ছিল ১ হাজার ১০০ টাকা পর্যন্ত।
শংকরপুর উত্তরপাড়া গ্রামের চাষি আবদুর রহিম ৭৫ শতক জমিতে পাঁচ বছর ধরে সরিষা চাষ করেন। তিনি বলেন, ‘চাইর বছর থাকি আবাদ করি সইষ্যা পাছি সাত-নয় মণ। এবার সেই জমিত সইষ্যা পাছি ১৩ মণ। সইষ্যা তুলি নিয়া ইরি গাড়ছি। কিন্তুক সইষ্যার মতোন লাভ আর কোনো আবাদোত নাই।’
উপজেলা কৃষি কর্মকর্তাদের মতে, অনুকূল আবহাওয়া ও ভালো মানের বীজ সরবরাহ থাকায় উপজেলায় সরিষার ফলন বেড়েছে। সরিষার দুটি জাত বারি সরিষা ১৪ ও ১৫ কৃষি গবেষণা কেন্দ্র থেকে মাঠপর্যায়ে পাঠানো হয়েছে। এই সরিষার মান ও ফলন অনেক ভালো। পাঁচ কেজি বারি সরিষায় তেল হয় পৌনে চার থেকে চার কেজি পর্যন্ত। একই পরিমাণ স্থানীয় জাতের সরিষায় তেল হয় সর্বোচ্চ সোয়া তিন কেজি।
সূত্রটি আরও জানায়, সরিষা চাষে লাভ অনেক বেশি। অন্য ফসলের তুলনায় সরিষায় সেচ, নিড়ানি, মাড়াই ও বীজ খরচও অনেক কম। রোগবালাইয়েরও তেমন আক্রমণ নেই। সরিষা জমিতে দেওয়া টিএসপি সারের ৭৫ ভাগ গ্রহণ করে। বাকিটা জমিতেই থেকে যায়। ফলে সরিষা আবাদের পর জমির উর্বরা শক্তি বেশি থাকায় পরবর্তী ফসল আবাদে চাষ ও সার খরচ অনেক কম লাগে।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবর রহমান বলেন, অনুকূল আবহাওয়া ও ভালো মানের বীজের কারণে পাঁচ বছর ধরে ক্রমান্বয়ে সরিষার চাষ ও ফলন বেড়েছে। এবারে দাম ভালো পাওয়ায় উপজেলার কৃষকদের মধে৵ সরিষা চাষে আরও বেশি আগ্রহ দেখা দিয়েছে।